২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিরক্ষার জন্য রুশ সেনা ফালতু কথা: যুক্তরাষ্ট্র

ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়ার কথিত শান্তিরক্ষা কার্যক্রমে সেনা মোতায়েন ‘ফালতু কথা’ ও সেখানকার দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মস্কোর স্বীকৃতি দেওয়া যুদ্ধের জন্য তাদের অজুহাত বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 01:09 PM

Updated : 28 Apr 2022, 11:42 PM

নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার জাতিসংঘের সদরদপ্তরে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিনডা টমাস গ্রিনফিল্ড।

রাশিয়া ইউক্রেইনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর কিয়েভের অনুরোধে এ বৈঠক হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ নিরাপত্তা পরিষদের আট সদস্য কিয়েভের অনুরোধের পক্ষে সমর্থন জানিয়েছিল। 

বৈঠকে টমাস গ্রিনফিল্ড বলেন, “রাশিয়ার পদক্ষেপ ইউক্রেইনজুড়ে, ইউরোপজুড়ে ও বিশ্বজুড়ে অত্যন্ত গুরুতর পরিণতি বয়ে আনবে।”

ইউক্রেইনে আগ্রাসন চালানোর জন্য দেশটির সীমান্তে দেড় লাখেরও বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া, যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করার পর কয়েক সপ্তাহ ধরে মস্কোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেইনে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই দাবি করে পশ্চিমা দেশগুলো হিস্টিরিয়াগ্রস্তের মতো আচরণ করছে বলে পাল্টা অভিযোগ করেছে রাশিয়া। 

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেইনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল, স্বঘোষিত দোনেস্ক গণপ্রজাতন্ত্র ও লুহানস্ক গণপ্রজাতন্ত্রকে, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এ ধরনের পদক্ষেপ অবৈধ হবে এবং তা শান্তি আলোচনার বিনাশ ঘটাবে, পশ্চিমাদের এমন সতর্কবাণী উপেক্ষা করে এ পদক্ষেপ নেন পুতিন।

এদিন পুতিন পূর্ব ইউক্রেইনের দনবাস অঞ্চলে ‘শান্তি বজায় রাখতে’ রাশিয়ার বাহিনী মোতায়েনেরও নির্দেশ দেন।      

ইউক্রেইনের সেনাবাহিনী ও দেশটির পূর্বাঞ্চলের রাশিয়ার সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘাত বন্ধের লক্ষ্যে ২০১৪ ও ২০১৫ সালে বেলারুশের রাজধানী মিনস্কে শান্তিচুক্তি হয়েছিল।

সেই চুক্তির উল্লেখ করে গ্রিনফিল্ড বলেন, “প্রেসিডেন্ট পুতিন মিনস্ক চুক্তিকে টুকরো টুকরো করে ফেলেছেন। এখানেই তিনি থামবেন, এটা আমরা বিশ্বাস করি না তা আমরা পরিষ্কারভাবে বলে আসছি।”

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নিবেনজিয়া নিরাপত্তা পরিষদকে বলেন, “কূটনৈতিক সমাধানের জন্য কূটনীতির দ্বার উন্মুক্ত রেখেছি আমরা, দনবাসে নতুন করে রক্তপাত শুরু করতে পারে এমন কিছু আমরা করতে চাই না।” 

চীনের জাতিসংঘ রাষ্ট্রদূত ঝাং জান বলেন, “উদ্বিগ্ন সব পক্ষকেই সংযমী হতে হবে এবং উত্তেজনায় ইন্ধন যোগায় এমন পদক্ষেপ এড়িয়ে যেতে হবে।”

কূটনৈতিক সমাধানের যে কোনো উদ্যোগকে বেইজিং স্বাগত জানায় ও উৎসাহিত করে বলে যোগ করেন তিনি।

গত কয়েক সপ্তাহে ইউক্রেইন সংকট নিয়ে তৃতীয়বারের মতো বৈঠকে বসল নিরাপত্তা পরিষদ। এর আগে ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেওয়ার পর থেকে ইউক্রেইন সংকট নিয়ে বহুবার বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ, কিন্তু রাশিয়ার ভিটো ক্ষমতার কারণে কোনো পদক্ষেপ নিতে পারেনি। রাশিয়ার পাশাপাশি ফ্রান্স, যুক্তরাজ্য, চীন ও যুক্তরাষ্ট্রেরও এই ভিটো ক্ষমতা আছে।

জাতিসংঘের এক মুখপাত্র জানান, বিশ্বের অভিভাবক সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিশ্বাস ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দুটি এলাকাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেশটির ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব লংঘন করেছে রাশিয়া।

ইউক্রেইনের পূর্বাঞ্চল কথিত ‘শান্তিরক্ষা মিশনে’ রাশিয়ার সেনা মোতায়েনে জাতিসংঘ হতাশ বলে নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো।