২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের দুই অঞ্চলকে ‘স্বাধীন’ ঘোষণা করে সেনা পাঠালেন পুতিন

ইউক্রেইনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সেখানে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 10:53 AM

Updated : 28 Apr 2022, 11:42 PM

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পুতিন ডিক্রি জারির পরপরই সোমবার দোনেস্ক শহরের ভেতর দিয়ে রাশিয়ার ট্যাংক এবং সামরিক বহর যেতে দেখা গেছে। ক্রেমলিনের ভাষায় এই সৈন্যবাহিনী সেখানে ‘শান্তিরক্ষায়’ দায়িত্ব পালন করবে।   

সিএনএন লিখেছে, রাশিয়ার বাহিনী প্রতিবেশী ইউক্রেইনে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে গত কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছিল যুক্তরাষ্ট্র এবং তাদের ইউরোপীয় মিত্ররা বিদ্রোহী নিয়ন্ত্রিত দুই অঞ্চলে রুশ বাহিনীর এই অগ্রযাত্রা সেই আগ্রাসনেরই সূচনা কি না, তা এখনও স্পষ্ট নয়। 

সোমবার রাতে এক ভাষণে ইউক্রেইনের সাথে পশ্চিমাদের ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের তীব্র সমালোচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সেই সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নের ভাঙন এবং ইউক্রেনিয়ান সোশালিস্ট সোভিয়েত রিপাবলিক গঠনের দীর্ঘ ইতিহাস তুলে ধরে ইউক্রেইনের স্বাধীন রাষ্ট্রসত্তা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন।     

পুতিন বলেন, “ইউক্রেইন অতীতে কখনও স্বাধীন রাষ্ট্র ছিল না। ইউক্রেইনের পূর্বাঞ্চল প্রাচীন রাশিয়ারই অংশ ছিল।”

তার ভাষায়,  ইউক্রেইন এখন যুক্তরাষ্ট্রের একটি কলোনি, আর সেটা চলছে ‘পুতুল সরকারের’ মাধ্যমে।

স্বঘোষিত গণপ্রজাতন্ত্র দোনেস্ক ও লুহানস্ক রাশিয়া সমর্থনপুষ্ট বিদ্রোহীদের এলাকা। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেইনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেওয়ার পর থেকে ওই দুই অঞ্চলের বিদ্রোহীরা ইউক্রেইনের বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।

ওই দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে রুশ সৈন্য পাঠানোর নির্দেশকে ইউক্রেইনের ‘সার্বভৌমত্বের লংঘন’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাষ্ট্র ওই দুই অঞ্চলের ওপর নিষেধাজ্ঞা জারি করে বলেছে, যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক সেখানে নতুন করে কোনো ধরনের বিনিয়োগ, ব্যবসা বা আর্থিক লেনদেন করতে পারবে না। 

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার নিউ ইয়র্কে জরুরি সভায় বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বিবিসি জানিয়েছে, বেশ কয়েকটি দেশ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছিল। ইউক্রেইন চিঠি লিখে ওই বৈঠকে তাদের প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিল।

তবে রাশিয়া যেহেতু নিরাপত্তা পরিষদের ভোটো ক্ষমতাধারী পাঁচ সদস্যের অন্যতম, সেখানে আলোচনা করে আদৌ কোনো প্রস্তাব পাস করা সম্ভব কি না, তা এখনও স্পষ্ট নয়।