নেপালে যুক্তরাষ্ট্রের অর্থায়নে অবকাঠামো প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ
নেপালে যুক্তরাষ্ট্রের অর্থায়নে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। রোববার বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে বলে জানিয়েছেন কাঠমান্ডুর প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা।
নেপালের অবকাঠামো উন্নয়নে ৫০ কোটি ডলারের অনুদান দিতে ২০১৭ সালে দেশটির সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় দাতা সংস্থা ‘দ্য মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন’ (এমসিসি)।
নেপাল সরকার বলছে, যুক্তরাষ্ট্রের এই সহায়তা তহবিল পরিশোধ করতে হবে না এবং এর সঙ্গে কোনও শর্তও জুড়ে দেওয়া নেই। তবে যারা এই চুক্তির বিরোধিতা করছেন তারা বলছেন, চুক্তিটি নেপালের আইন এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে।
তাছাড়া, ওয়াশিংটন ইন্দো-প্যাসিফিক ভূরাজনীতির অংশ হিসাবে এই চুক্তি করেছে এবং এর কারণে নেপালে মার্কিন সেনা পাঠানোর পট প্রস্তুত হয়েছে বলেও মনে করছেন চুক্তিবিরোধীরা।
রোববার চুক্তিটি অনুমোদনের জন্য নেপালের পার্লামেন্টে উপস্থাপন করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা। পার্লামেন্টেও কয়েকজন আইনপ্রণেতা চুক্তি অনুমোদনের পদক্ষেপের বিরোধিতা করে স্লোগান দিয়েছেন।
ওদিকে, বাইরে শত শত বিক্ষোভকারী এ চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। কাঁটাতারের বেড়া ঠেলে বেরিয়ে এসে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে তখন পুলিশ লাঠি চার্জ করাসহ কাঁদানে গ্যাস এবং জলকামান ছোড়ে।
বড় ধরনের এই বিক্ষোভের পরও নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী জ্ঞানেন্দ্র বাহাদুর কার্কি পার্লামেন্টে চুক্তিটি উত্থাপন করে বলেন, “এই প্রকল্প থেকে নেপালের ২ কোটি ৪০ লাখ মানুষ উপকৃত হবে। এই অনুদান হবে দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক হাতিয়ার।”
তবে যুক্তরাষ্ট্রের অনুদানের এই অর্থ নেওয়া হবে কিনা তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে নেপালের ক্ষমতাসীন কোয়ালিশনের সদস্যরাসহ প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোও।
ওদিকে, নেপালে অবস্থিত মার্কিন দূতাবাস বলছে, ৫০ কোটি ডলারের এমসিসি অনুদান নেপালের জন্য “আমেরিকার জনগণের কাছ থেকে দেওয়া উপহার। আর তা দুই দেশের মধ্যকার অংশীদারিত্বেরও নিদর্শন। এর ফলে নেপালে অবকাঠামো উন্নয়নসহ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নেপালিদের জীবনযাত্রাও উন্নত হবে।”
