২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদের সঙ্গে আলোচনা না করতে আসিয়ান দূতকে মিয়ানমার জান্তার আহ্বান

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরোধীদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের সঙ্গে আলোচনায় জড়িত না হতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বিশেষ দূতকে আহ্বান জানিয়েছে জান্তা সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Feb 2022, 05:44 PM

Updated : 28 Apr 2022, 11:42 PM

মিয়ানমারে সহিংসতা বন্ধের পাশাপাশি শান্তি ফেরাতে গতবছর পাঁচ দফা শান্তি পরিকল্পনা নেয় আসিয়ান। সেই পরিকল্পনা বাস্তবায়নে রাজি হয় মিয়ানমার জান্তাও। কিন্তু মিয়ানমারে পাঁচদফা বাস্তবায়নের লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।

এ পরিস্থিতিতে কী করণীয় তা নিয়ে ১০ সদস্যের আসিয়ান জোটে বিভক্তি বাড়ছে। গত সপ্তাহে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর ইন্দোনেশিয়া বলেছে, মিয়ানমারে চলমান সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আসিয়ানের বিশেষ দূতের সাক্ষাৎ করা জরুরি।

অন্যদিকে, মালয়েশিয়া মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) সঙ্গে আলোচনায় বসার জন্য আসিয়ানের বিশেষ দূতকে আহ্বান জানিয়েছে। মিয়ানমারের ক্ষমতাচ্যুত সরকারের সদস্য ও জান্তাবিরোধী অন্যান্যদের নিয়ে এই এনইউজি গঠিত।

আসিয়ানের বিশেষ দূতকে আলোচনায় জড়িত হওয়ার এই আহ্বানের প্রেক্ষাপটে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে বলেছে, “পাঁচদফা বাস্তবায়নে কিছু আলোচনা গঠনমূলক হলেও আসিয়ানের দুই সদস্য বিশেষ দূতকে বেআইনি সংগঠন এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় জড়িত হওয়ার পরামর্শ দিয়েছে।”

গত সপ্তাহের আসিয়ান বৈঠক নিয়ে প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, “এ ধরনের (জান্তাবিরোধী) গোষ্ঠীর সঙ্গে বিশেষ দূতের আলোচনা কারাটা কেবল আসিয়ান সনদের নীতির পরিপন্থিই নয় বরং তা আসিয়ান জোটের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাও ক্ষুন্ন করে।”

গত বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিকে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। এক বছরের বেশি সময় ধরে জান্তাবিরোধী বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এসব বিক্ষোভ দমনাভিযানে জান্তার হাতে ১৫০০’র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

মিয়ানমার শান্তি ফেরানোর পরিকল্পনায় রাজি হয়েও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় গতবছরের শেষ ভাগ থেকেই আসিয়ানের কোনও বৈঠকে আমন্ত্রণ পাচ্ছেন না দেশটির সেনাবাহিনী-নিয়ন্ত্রিত সরকারের কোনও প্রতিনিধি।