অস্ট্রেলিয়ার সীমান্ত ২ বছর পর পুরোপুরি খুলল
করোনাভাইরাস মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর অস্ট্রেলিয়া টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে।
সোমবার সীমান্ত খুলে দেওয়ার পরই ভ্রমণকারীরা দেশটিতে আসতে শুরু করেছে এবং শত শত মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে ফের মিলিত হতে পেরেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ দিন ৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে যারমধ্যে ২৭টি বৃহত্তম শহর সিডনির বিমানবন্দরে অবতরণ করেছে।
পর্যটনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দ্বীপ রাজ্য তাসমানিয়াতে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন সাংবাদিকদের বলেন, “আজ খুব উত্তেজনাপূর্ণ দিন, মহামারীর কারণে প্রথম সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে আমি আজকের এ দিনটির অপেক্ষায় ছিলাম।”
অনেক দিন ধরে প্রিয়জনের কাছ থেকে দূরে থাকার পর এ দিন বহু আবেগঘন পুনর্মিলনের ঘটনা ঘটেছে। যেমন নিজের মেয়েকে দেখতে যুক্তরাজ্যের কেনটাকি থেকে এসেছেন মা সিনডি মস।
মেয়েকে জড়িয়ে ধরার পর আবেগঘন কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলেন, “আমি কতোদিন ধরে ওকে দেখিনা, এখানে আসতে পারা তাই অনেক বড় একটি ব্যাপার। আমি অত্যন্ত খুশি।”
পর্যটন অস্ট্রেলিয়ার অন্যতম বড় শিল্পখাত। দেশটির কর্মীবাহিনীর প্রায় ৫ শতাংশ ৪৩ বিলিয়ন ডলারের এ খাতটিতে নিয়োজিত। কিন্তু মার্চ, ২০২০ এ সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকে খাতটি প্রায় পঙ্গু হয়ে ছিল।
কোভিড-১৯ দমিয়ে রাখার কৌশলে অস্ট্রেলিয়া একসময় অত্যন্ত সফল ছিল। এরপর অধিকাংশ জনগণকে টিকার আওতায় আনার পর গত বছরের শেষ দিক থেকে দেশটি দুর্গ ধরনের নিয়ন্ত্রণ ও অবিরাম লকডাউন থেকে সরে ভাইরাসের সঙ্গে মানিয়ে নেওয়ার জীবনযাপন শুরু করে।
নভেম্বর থেকে দক্ষ অভিবাসী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও ব্যাগপ্যাকারদের আকাশপথে অস্ট্রেলিয়া আসার অনুমতি দেওয়া হয়। এ সময় থেকেই দেশটি সীমান্ত পুরোপুরি খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে।
সোমবার যে যাত্রীরা সিডনিতে পৌঁছেছে তাদের শুভেচ্ছা জানাতে রানওয়ের কাছে একটি ব্যানারে ‘ওয়েলকাম ব্যাক ওয়ার্ল্ড!’ লেখা ছিল। ক্যাঙ্গারুর পোশাক পরা লোকজন ভ্রমণকারীদের শুভেচ্ছা জানায় আর একটি পিকআপ ভ্যান থেকে ডিজে মিউজিক বাজানো হয়।
বিমানবন্দরে অস্ট্রেলিয়ার পর্যটনমন্ত্রী ড্যান টিহান ভ্রমণকারীদের অস্ট্রেলীয় খাবার ‘ভেজেমাইট’ ও স্টাফ করা কোয়ালা খেলনা উপহার দেন। সম্প্রচারমাধ্যম এবিসিকে তিনি বলেন, “এখানে পার্টি হচ্ছে, মিউজিক বাজছে, লোকজনের মুখে হাসি। তারা শিগগিরই নাচতে শুরু করবে, আমি নিশ্চিত।”
তবে ইউনিয়ন ও রাজ্য সরকারের মধ্যে বেতন নিয়ে বিরোধের কারণে এদিন সিডনির সব ট্রেনের সূচী বাতিল হওয়ায় সীমান্ত খুলে দেওয়ার উৎসবের পরিবেশে কিছুটা ছন্দপতন ঘটে।
বিবিসি জানিয়েছে, ভ্রমণকারীরা অস্ট্রেলিয়ার সব রাজ্যে যেতে পারলেও পশ্চিম অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবে না। এই রাজ্যটির সীমান্ত ৩ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে আর তারপর থেকে তিন ডোজ টিকা নেওয়া ভ্রমণার্থীরাই শুধু সেখানে প্রবেশ করতে পারবে।
অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩০ লাখ ৪৭ হাজার ৬৪৫ জন আর এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৯২৯ জনের।
