জাতিসংঘ মানবাধিকার প্রধানকে শিনজিয়াংয়ে যেতে দেবে চীন
বেইজিং শীতকালীন অলিম্পিকের পর এবছরের প্রথমার্ধে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাশেলেটকে শিনজিয়াং সফর করতে দিতে রাজি হয়েছে চীন।
শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান ব্যাশেলেট শিনজিয়াং পরিদর্শনে যেতে পারেন। তবে ওই অঞ্চলে কোনওরকম তদন্তের অনুমতি বেইজিং দেবে না।
ব্যাশেলেট বহু দিন ধরেই চীনের পশ্চিমের ওই অঞ্চলে যাওয়ার চেষ্টা করে আসছেন। সেখানকার মুসলিম সংখ্যালঘু উইঘুর জনগোষ্ঠীর ওপর নিপীড়ন এবং অধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে দেখতে চান তিনি।
শিনজিয়াংয়ে উইঘুর নিপীড়ন নিয়ে চীন এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। ওয়াশিংটন চীনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কিছু দেশ এবারের বেইজিং শীতকালীন অলিম্পিক বয়কটও করেছে।
মানবাধিকার গোষ্ঠীগুলোও উইঘুরদের ওপর চীনের গণহত্যা, নির্যাতন চালানোর অভিযোগ করেছে। উইঘুরদেরকে শ্রম দিতে বাধ্য করা এবং তাদেরকে বন্দিশিবিরে আটকে রাখারও অভিযোগ চীনের বিরুদ্ধে করেছে মানবাধিকারগোষ্ঠীগুলো।
তবে চীন উইঘুর নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে। উইঘুরদের বন্দিশিবিরে রাখার কথা অস্বীকার করে চীন বলেছে, বন্দিশিবির নয়, বরং এগুলো হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের কেন্দ্র। চীন সরকার সব জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর অধিকার রক্ষা করে বলে বেইজিং দাবি করেছে।
উইঘুর নিপীড়ন নিয়ে যেসব কথা বলা হচ্ছে তা মিথ্যা এবং অতিরঞ্জিত বলে বর্ণনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং। তিনি বলেন, “আশা করি আপনারা চীন সরকারকে বিশ্বাস করবেন, চীন সরকার যা বলেছে এবং যে সব তথ্য আমরা প্রকাশ করে আসছি তাতে আস্থা রাখবেন।”
