পূর্ব সীমান্তে বাড়ছে গোলাবর্ষণ, উস্কানির জবাব দেবে না ইউক্রেইন
রুশ-সমর্থিত বিদ্রোহী অঞ্চল পূর্ব ইউক্রেইনে বাড়ছে গোলাবর্ষণ। বিচ্ছিন্নতাবাদী এই বিদ্রোহীরা সীমান্তরেখার সম্মুখভাগে মর্টার, কামানের গোলা এবং রকেট চালিত গ্রেনেড হামলা চালাচ্ছে। ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, গত দুইদিনের তুলনায় দ্বিগুণ বেড়ে গেছে বিদ্রোহীদের হামলার মাত্রা।
গোলযোগপূর্ণ এই পরিস্থিতির মধ্যে এলাকা ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ। তবে হামলা প্রাণঘাতী হয়ে উঠলেও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ উস্কানির জবাব দেবে না।
ইউক্রেইনের পূর্ব সীমান্তে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দেশটির সরকারি সেনাদের টানা তিনদিন ধরে গোলাগুলি চলছে। গোলার আঘাতে শনিবার দুই সেনা নিহত ও ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেইনের সেনাবাহিনী।
ইউক্রেইনের কর্মকর্তারা বলছেন, গোলা আসছে পুরোপুরি বিচ্ছিন্নতাবাদীদের দিক থেকে। এই বিচ্ছিন্নতাবাদীদেরকে রাশিয়ার প্রতিনিধিত্বকারী হিসাবেই দেখা হচ্ছে। ইউক্রেইন সরকার গোলা বর্ষণকে ‘উস্কানি’ বলেছে। বিবিসি জানায়, ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি বিশ্বনেতাদের বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ নিজেদের রক্ষা করবে।
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা জানিয়েছে, তাদের সাংবাদিকরা পূর্ব ইউক্রেইনে বিচ্ছিন্নবাদীদের দিক থেকে গোলা আসতে দেখেছেন। কিন্তু ইউক্রেইনের সেনাবাহিনীর দিক থেকে কোনও পাল্টা গোলা ছোড়া হতে দেখেননি। যদিও বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের অধিবাসীরা বলছেন, দুই পক্ষ থেকেই গোলাগুলি চলছে।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেইনে আগ্রাসন চালানোর অজুহাত হিসেবে ইউরোপের পূর্বাঞ্চলে ভুয়া সংকট সৃষ্টির চেষ্টা করছে রাশিয়া। কিন্তু জার্মানির মিউনিখে একটি নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেইনীয়রা আতঙ্কিত নয়। আমরা আমাদের মতো করে জীবন বাঁচাতে চাই।”
প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য এই সময়ে দেশের বাইরে যাওয়া নিরাপদ নয় বলে মার্কিন কর্মকর্তারা সতর্ক করার পরও তিনি মিউনিখ সফরে গেছেন। ইউক্রেইনের পূর্ব সীমান্তে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেইনের সরকারি সেনাদের সংঘাত নাটকীয়ভাবে বেড়ে গেছে।
ছবি রয়টার্স
বিচ্ছিন্নতাবাদীরা ভিটলোডারস্ক শহরের আশেপাশে ইউক্রেইন সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলের একটি ফাঁড়িকে নিশানা করেছে। সেখানে কাছাকাছি জায়গায় বিষাক্ত গ্যাসের একটি মজুদও আছে। আরেকটি এলাকায় শনিবারের গোলাবর্ষণে একটি পানি সরবরাহের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।
পূর্ব ইউক্রেইনের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) জানিয়েছে, গোলা একটি পাম্পিং স্টেশনে পড়েছে এবং পানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে আছে।
