ইউক্রেইনকে সমর্থন না দিলে তাইওয়ানে হুমকি দেখছে যুক্তরাজ্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেইনের স্বাধীনতাকে সমর্থন করে যাওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে তাইওয়ানসহ গোটা বিশ্বে তা ক্ষতিকর পরিণতি ডেকে আনবে।
শনিবার জনসন একথা বলেন। জার্মানির মিউনিখে একটি নিরাপত্তা সম্মেলনে জনসন বলেন, “আমরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিপ্রায় কী তা পুরোপুরি জানিনা। কিন্তু লক্ষণ ভাল নয়।”
“পশ্চিমা দেশগুলোর মন্ত্রীরা ইউক্রেইনের রাজধানী কিয়েভে ভ্রমণ করার সময় প্রতিবারই সেদেশের জনগণ এবং নেতাদেরকে আশ্বাস দিয়ে বলে এসেছেন, তাদের স্বাধীনতা এবং সার্বভৌত্বের ক্ষেত্রে আমরা বলিষ্ঠভাবেই পাশে আছি।”
আর এখন “ইউক্রেইন বিপদগ্রস্ত হলে, সেই অভিঘাতের অনুরণন ঘটবে পূর্ব এশিয়া, তাইওয়ানসহ বিশ্বজুড়ে। আর লোকে তখন বলবে আগ্রাসনেই ফল হাসিল করা যায়, শক্তি প্রয়োগই ঠিক।”
তাইওয়ানের ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে চীন। দরকার হলে শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ান দখল করে নেওয়ার সম্ভাবনা চীন নাকচ করেনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলেন, “পশ্চিমা দেশগুলো বারবারই ইউক্রেইনের স্বাধীনতাকে সমর্থন দেওয়ার কথা বলে এসেছে। এই গুরুতর সময়ে যখন তাদের (ইউক্রেইন) স্বাধীনতা বিপন্ন, আমরা যদি উদাসীন হয়ে থাকি, তাহলে আমাদের সেই আশ্বাসবাণীগুলো কতটাই না ফাঁপা, অর্থহীন, অপমানজনক মনে হবে।”
মঙ্গলবার যুক্তরাজ্য বলেছে, ইউক্রেইনে আগ্রাসন হলে তারা লন্ডনে রাশিয়ার কোম্পানিগুলোর ব্যবসায়ে মূলধন বৃদ্ধি বন্ধ করে দিতে পারে। তাছাড়া, রাশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আইনও পাস করে রাখা হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলেন, “আমরা রাশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করব। একইসঙ্গে লন্ডনের পূঁজিবাজারে অর্থসম্পদ বাড়ানোও তাদের জন্য অসম্ভব করে তুলব।”
ইউক্রেইনে আগ্রাসন চালালে রাশিয়াকে সামরিকভাবে চরম মূল্য দিতে হবে বলেও জনসন পূর্বাভাস দিয়েছেন।
