ইউক্রেইনের বাহিনী হামলা চালিয়েছে: অভিযোগ বিচ্ছিন্নতাবাদীদের
ইউক্রেইনের সরকারি বাহিনী তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির পূর্বাঞ্চলভিত্তিক বিচ্ছিন্নতাবাদীরা।
রাশিয়ার সমর্থনপুষ্ট এ বিচ্ছিন্নতাবাদীরা বৃহস্পতিবার জানায়, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় তাদের ভূখণ্ডে চারবার মর্টারের গোলা নিক্ষেপ করেছে সরকারি বাহিনীগুলো।
এতে কেউ হতাহত হয়েছে কি না, তারা তা নির্ধারণের চেষ্টা করছে বলে জানিয়েছে।
স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের প্রতিনিধিরা এক বিবৃতিতে গোলাগুলির অভিযোগটি তুলেছেন। তারা জানিয়েছেন, বৃহস্পতিবার চারটি পৃথক হামলার ঘটনায় ইউক্রেইনীয় বাহিনীগুলো মর্টার, গ্রেনেড লঞ্চার ও মেশিনগান ব্যবহার করেছে।
“ইউক্রেইনের সশস্ত্র বাহিনীগুলো ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করে অশোভনভাবে যুদ্ধবিরতি ব্যবস্থা লঙ্ঘন করেছে, মিনস্ক সমঝোতা অনুযায়ী এগুলো প্রত্যাহার করা উচিত,” বিবৃতিতে বলেছে বিচ্ছিন্নতাবাদীরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি কতোট গুরুতর ছিল তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি এবং ইউক্রেইনের পূর্বাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণরত অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এর কাছ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্প্রতি ওএসসিই ইউক্রেইন থেকে তাদের কিছু পর্যবেক্ষককে প্রত্যাহার করে নিয়েছে।
সরকারি বাহিনী হামলা চালিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের এমন অভিযোগ অস্বীকার করে ইউক্রেইনের সামরিক বাহিনী পাল্টা অভিযোগ করে বলেছে, বিদ্রোহীরাই সামরিক বাহিনীর ওপর গোলাবর্ষণ করেছে।
গত আট বছরে এ ধরনের ঘটনা বহুবার ঘটলেও এবার পরিস্থিতি ভিন্ন। কারণ রাশিয়া, ইউক্রেইনের সীমান্ত ঘিরে এক লাখেরও বেশি সেনার সমাবেশ ঘটিয়ে দেশটিকে সদস্য হিসেবে গ্রহণ করবে না, নেটোর কাছে এমন প্রতিশ্রুতি দাবি করছে।
ইউক্রেইনে হামলা চালালে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে পশ্চিমা শক্তিগুলো। অপরদিকে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই বলে রাশিয়া দাবি করে আসছে।
রাশিয়ার সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সাল থেকে পূর্ব ইউক্রেইনের বিশাল একটি অংশ দখল করে আছে। এখন তাদের সঙ্গে ইউক্রেইনের সামরিক বাহিনীর বহু বছরের পুরনো সংঘাত ফের নতুন করে উজ্জীবিত হয়ে উঠলে তা পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ইউক্রেইনে আগ্রাসন চালাতে রাশিয়া একটি অজুহাত তৈরি করতে পারে বলে বিশ্বাস তাদের। তবে এগুলোকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া।
বুধবার রাশিয়া জানিয়েছে, মহড়া শেষে ইউক্রেইন সীমান্তের নিকটবর্তী এলাকাগুলো থেকে তারা কিছু সেনা প্রত্যাহার করে নিচ্ছে। কিন্তু ইউক্রেইনে বলেছে, তারা এমন কোনো প্রমাণ দেখেনি।
আর যুক্তরাষ্ট্র অভিযোগ করে বলেছে, তাদের সন্দেহ মস্কো সেনা প্রত্যাহারের বদলে সেখানে প্রায় সাত হাজারের মতো সেনা যোগ করে তাদের উপস্থিতি আরও বাড়িয়েছে।
মঙ্গলবার রাশিয়া পার্লামেন্টের নিম্নকক্ষ এক ভোটাভুটির পর পাশ হওয়া একটি প্রস্তাব অনুযায়ী, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেইনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের স্বঘোষিত দু্টি প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বলেছে।
তবে অতিসত্বর এ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা পুতিনের নেই বলে ক্রেমলিন ইঙ্গিত দিয়েছে।
