জব্দ আফগান তহবিলের অর্ধেক ছাড়ের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের যে ৭০০ কোটি ডলার যুক্তরাষ্ট্র জব্দ করে রেখেছে, দুর্দশায় পড়া আফগান জনগণের কথা বিবেচনা করে তার অর্ধেক ছেড়ে দেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন, বলেছে হোয়াইট হাউস।
জব্দকৃত অর্থের বাকিটুকু তালেবানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংক্রান্ত্র মামলার সম্ভাব্য ক্ষতিপূরণ হিসেবে রাখা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে তারা।
আফগানিস্তানের অর্থনীতি ধসে পড়ার হুমকির মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করলে জব্দকৃত আফগান সম্পদ নিয়ে জটিলতা অবসানের প্রক্রিয়া শুরু হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তালেবান গত বছরের অগাস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দিন দিন দেশটির অর্থনৈতিক সংকট তীব্র হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের ও একাধিক মার্কিন আইনপ্রণেতা তাগিদের মধ্যে জব্দকৃত অর্থ নিয়ে কী করা হবে তা নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ। শুক্রবার এ বিষয়ে ফেডারেল এক বিচারকের কাছে পরিকল্পনা জমা দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের।
মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, আফগান জনগণের জন্য জব্দ তহবিলের সাড়ে তিনশ কোটি ডলার ছাড় নিশ্চিতে কাজ করছেন তারা। গত দুই দশক ধরে আফগানিস্তানকে দেওয়া বিভিন্ন সাহায্য থেকেই মূলত তহবিলটি গড়ে উঠেছে।
ছাড় করা অর্থ যেন আফগান জনগণের জরুরি মানবিক সহায়তার ব্যবহৃত হয়, তা নিশ্চিতে ওয়াশিংটন একটি তৃতীয় পক্ষীয় ট্রাস্ট গঠন করতে পারে। এর গঠন ও কার্যক্রম কেমন হবে তা নিয়ে এখনও কাজ চলছে।
জব্দ অর্থের বাকি যে অর্ধেক যুক্তরাষ্ট্রে থাকবে তা ৯/১১ হামলায় নিহতদের আত্মীয়স্বজনসহ সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিনিদের করা মামলার রায় অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ কয়েক ধাপে খরচের পরিকল্পনা করা হচ্ছে, জানিয়েছেন ওই কর্মকর্তারা।
তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেওয়ার পরপরই ওয়াশিংটন তাদের কাছে থাকা আফগানিস্তানের ৭০০ কোটি ডলার জব্দ করে। এরপর থেকে আফগানিস্তানের নতুন প্রশাসনকে স্বীকৃতি না দিয়েই জব্দ ওই অর্থ ছাড়ে ওয়াশিংটনের ওপর চাপ বাড়তে থাকে।
তালেবান শুরু থেকেই ‘আফগানিস্তানের জনগণের’ ওই অর্থ তাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে।
জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধি সুহাইল শাহীন যুক্তরাষ্ট্রের প্রতি জব্দ তহবিলের পুরোটা ছাড় করতে এবং ওই অর্থ আফগান কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে দিতে আহ্বান জানিয়েছেন।
“এই রিজার্ভ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ; আরও বড় করে দেখলে, এটি আফগানিস্তানের জনগণের সম্পদ,” বলেছেন তিনি।
তালেবানের দোহা কার্যালয়ের মুখপাত্র জব্দ অর্থের অর্ধেক ছাড় এবং বাকিটুকু সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন নাগরিকদের ক্ষতিপূরণ বাবদ রাখার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
টুইটারে তিনি বলেছেন, “জব্দ অর্থ (যা আফগান জনগণের) চুরি ও হস্তগত করার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি দেশের মানবিক ও নৈতিক অবক্ষয়ের সর্বনিম্ন মাত্রা দেখাল।”
মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবারকেও ক্রুদ্ধ করেছে।
ক্ষতিগ্রস্ত এক পরিবারের সদস্য ব্রেট ঈগলসন বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত ক্ষতিগ্রস্ত সব পরিবারের সদস্যদের মধ্যে সাড়ে তিনশ কোটি ডলার সমানভাবে ভাগ করে দেওয়া; তার বদলে তারা অল্প সংখ্যক পরিবারকে বেশি সুবিধা দিতে ক্ষতিপূরণ বিষয়ক সিদ্ধান্ত আদালতের হাতে ছেড়ে দিয়েছে।
