‘জবরদস্তি’, কোভিড, জলবায়ু নিয়ে আলোচনায় বসছেন কোয়াড মন্ত্রীরা
আলোচ্যসূচিতে জলবায়ু পরিবর্তন, কোভিড মহামারী ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ‘জবরদস্তি’কে প্রাধান্য দিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হচ্ছে চারদেশীয় জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক।
শুক্রবারের এ বৈঠকে ইউক্রেইন নিয়ে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনা নিয়েও কথা বলবেন অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাষ্ট্র ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেইন সীমান্তে রাশিয়ার লাখো সৈন্য জড়ো করার পেছনে প্রতিবেশী দেশটিতে মস্কোর আগ্রাসন চালানোর আকাঙ্ক্ষা দেখছে পশ্চিমারা; ক্রেমলিন অবশ্য শুরু থেকেই ইউক্রেইনে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়ে আসছে।
এ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মুখোমুখি অবস্থার মধ্যেও কোয়াডের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
এর মাধ্যমে জো বাইডেন প্রশাসন মূলত বিশ্বকে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত মনোযোগ যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকেই আছে এবং ইউরোপের বড় ধরনের সংকটও যে যুক্তরাষ্ট্রের দৃষ্টি তার মূল অগ্রাধিকারগুলো থেকে সরিয়ে দিতে পারছে না, তাই দেখাতে চাইছে বলে ধারণা পর্যবেক্ষকদের।
শুক্রবার সাংবাদিকরা ব্লিনকেনকে চীনের সঙ্গে সংঘাত অনিবার্য কি না সে প্রশ্ন করলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জবাবে বলেন, “কিছুই অনিবার্য নয়।”
কোয়াড জোটের অন্য পররাষ্ট্রমন্ত্রী এবং অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বৈঠকের আগে ব্লিনকেন বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে চীন যে ঘরে-বাইরে আরও আগ্রাসী আচরণ করছে, এ বিষয়ে আমরা সবাই উদ্বিগ্ন বলেই আমি মনে করি।”
অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন জানান, ব্লিনকেনের সঙ্গে বৈঠকে এশিয়া-প্রশান্ত মহাসাগরে সহায়তা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় ছাড়াও তারা চীন, উত্তর কোরিয়া ও ইউক্রেইন নিয়েও আলোচনা করবেন।
“বিশ্বের এখনকার বাস্তবতায় একাধিক কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা চ্যালেঞ্জ হয়ে এসেছে। আমাদের আজকের আলোচনায় উত্তর কোরিয়া এবং চীনও থাকবে। এসব চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে সমর্থন দিচ্ছি।
“আমরা আজ কথা বলবো। সেখানে ইউক্রেইনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ও থাকবে বলে আমি নিশ্চিত,” ব্লিনকেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে বলেন পেইন।
ইউক্রেইন সীমান্তে বিপুল সৈন্য জড়ো করার পাশাপাশি এখন বেলারুশ ও কৃষ্ণসাগরে রাশিয়ার যে সামরিক মহড়া চলছে তাতে পশ্চিমাদের সঙ্গে মস্কোর বাধাবাধি ‘সবচেয়ে বিপজ্জনক মুহুর্তে’ পৌঁছেছে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার ব্লিনকেন জানান, ওয়াশিংটন ইউক্রেইন সংকট নিয়ে সার্বক্ষণিক কাজ করলেও যুক্তরাষ্ট্রের নজর এশিয়া-প্রশান্ত মহাসাগরেই।
একুশ শতকের অনেক বদলে এই অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানিয়ে তিনি বলেন, “এখানে আমাদের উপস্থিতি, আমাদের কার্যক্রম এবং অঞ্চলজুড়ে আমাদের নেতৃত্বে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।”
