২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৪

কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আহত হয়েছে আরও ৩৫ জন। কলম্বিয়ার স্থানীয় সময় মঙ্গলবার ভারী বর্ষণে এ ভূমিধস হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 09:06 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

বিবিসি জানায়, রিসারালদা প্রদেশের একটি পাহাড়ে ভূমিধস হয়। পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে দস্কুব্রাদেস পৌরসভা এলাকার কিছু ঘরবাড়ি চাপা পড়লে হতাহতের ঘটনা ঘটে।

কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ধসে চাপা পড়াদের কেউ বেঁচে আছে কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

দুবেরনেই হার্নান্দেজ নামের এক ট্যাক্সিচালক বলেন, ‘প্রচণ্ড শব্দে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। বের হয়ে দেখলাম, ঘরবাড়ির ওপর পাহাড়ের টুকরো পড়ে আছে।

“আমি ওই জায়গায় গিয়েছিলাম। সে ছিল এক বিপর্যয়কর অবস্থা।” হার্নান্দেজ জানান, তিনি মাটির নিচে চাপা পড়াদের মধ্য থেকে দুজনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করতে সহায়তা করেছেন।

কমপক্ষে পাঁচটি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে বলে জানান তিনি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Image
ছবি রয়টার্স

ছবি রয়টার্স

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ভূমিধস সাধারণ ঘটনা। খাড়া পাহাড়ের ধারে তৈরি ঘরবাড়িগুলো বিশেষ করে বর্ষাকালে এ ধরনের ধসে ভেঙে পড়ার ঝুঁকিতে থাকে।

২০১৯ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ককা প্রদেশে ভূমিধসে অন্তত ২৮ জন নিহত হয়েছিল।

এর দু’বছর আগে ২০১৭ সালে দক্ষিণাঞ্চলীয় পুতুমায়ো প্রদেশের মকোয়া শহরে ভূমিধসে ২৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছিল।