মারাত্মক খাদ্যাভাবের হুমকিতে আফ্রিকার কোটি মানুষ: জাতিসংঘ
হর্ন অফ আফ্রিকার দেশগুলোতে টানা তিন বছর ধরে বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড খরায় ফসলি জমি নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় সেখানকার এক কোটি ৩০ লাখ মানুষ মারাত্মক খাদ্যাভাবের হুমকিতে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’ (ডব্লিউএফপি)।
ডব্লিউএফপি জানায়, ফসল উৎপাদন না হওয়ায় এবং খাবারের অভাবে অনেক পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে উদ্বাস্তু হয়েছে। সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় এড়াতে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।
বিবিসি জানায়, হর্ন অফ আফ্রিকার তিন দেশ ইথিওপিয়া, সোমালিয়া এবং কেনিয়ায় টানা তিন বছর ধরে বৃষ্টি না হওয়ায় সেখানকার ফসল নষ্ট হয়ে গেছে, গবাদিপশু মারা যাচ্ছে। ওই তিন দেশের এক কোটি ৩০ লাখ মানুষ দিনের পর দিন না খেয়ে আছেন।
খাবারের দাম আকাশ ছোঁয়া। জমিতে খুব সামান্য ফসলই উৎপাদিত হচ্ছে। কৃষি শ্রমিকদের চাহিদা তলানিতে গিয়ে ঠেকেছে। কাজের অভাবে ওইসব শ্রমিকরা পরিবারের ন্যূনতম প্রয়োজনও মেটাতে পারছে না।
খরার কারণে তৈরি হওয়া এই সংকট মোকাবেলায় ডব্লিউএফপি ৩২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের তহবিল চেয়েছে।
