২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে একদিনের ব্যবধানে শনাক্ত রোগী তিনগুণ বাড়ল

সিঙ্গাপুরে একদিনের ব্যবধানে শনাক্ত রোগীর সংখ্যা তিনগুণেরও বেশি বেড়ে দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2022, 02:35 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

শুক্রবার স্থানীয় সময় দু্পুর পর্যন্ত দেশটিতে ১৩ হাজার ৪৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এদিন কোভিড-১৯ এ আরও ছয় রোগীর মৃত্যু হয়েছে। 

এর আগেরদিন বৃহস্পতিবার দেশটি ৪ হাজার ৮৭ জন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল।

সবমিলিয়ে দেশটিতে শনাক্ত মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৬৮১ জনে দাঁড়িয়েছে আর মৃত্যু হয়েছে ৮৬৬ জনের। 

গত ২৮ দিনে দেশটিতে ৮৫ হাজার ৩৫৭ জন রোগী শনাক্ত হয়েছে। তবে এদের ৯৯ দশমিক ৭ শতাংশেরই কোনো ধরনের উপসর্গ নেই বা থাকলেও মৃদু বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

একদিন আগের ৯৩২ জন থেকে বেড়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৯৯৮ জন ছিল। এদের মধ্যে ৯৬ জনকে অক্সিজেন দেওয়া হয়েছে এবং ১৫ জন নিবিড় পরিচর্য কেন্দ্রে (আইসিইউ) আছেন।

সিঙ্গাপুরের মোট জনসংখ্যার ৮৯ শতাংশ দুই ডোজ করোনাভাইরাস টিকা নিয়েছে আর ৫৯ শতাংশ বুস্টার ডোজও পেয়েছে।

দেশটির কর্তৃপক্ষ এর আগে সতর্ক করে বলেছিল, অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে দৈনিক সংক্রমণ বেড়ে প্রায় ১৫ হাজারে দাঁড়াতে পারে।