সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান যুক্তরাষ্ট্রের
পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সফলভাবে একটি সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবারের এ অভিযানে মার্কিন বাহিনীর কেউ হতাহত হয়নি বলে জানালেও বিস্তারিত আর কিছু জানায়নি তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর আতমাহর বাসিন্দারা ও দেশটির সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা এর আগে জানিয়েছিল, দুই ঘণ্টার এ অভিযানে বেশ কয়েকজন বেসামরিক হতাহত হয়েছেন। আল কায়েদার অনুগত সন্দেহভাজন এক জঙ্গিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
এক বিবৃতিতে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেন, “যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমাণ্ডের অধীনস্ত মার্কিন বিশেষ অভিযান বাহিনী উত্তরপশ্চিম সিরিয়ায় একটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে মার্কিন বাহিনীর কেউ হতাহত হয়নি। আরও তথ্য পাওয়ার পর সেগুলো জানানো হবে।”
আতমাহর বাসিন্দারা জানিয়েছেন, তুরস্কের সীমান্তের কাছে ঘনবসতিপূর্ণ একটি এলাকায় মধ্যরাতে অভিযানটি চালানো হয়। সেখানে কয়েক লাখ সিরীয় উদ্বাস্তু অস্থায়ী শিবির ও জনাকীর্ণ আবাসনগুলোতে বসবাস করছে।
সেখানে কোনো জঙ্গি নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি, কিন্তু অভিযান চলাকালে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। এতে অভিযান প্রতিরোধের চেষ্টা করা হয়েছে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে রয়টার্স জানিয়েছে।
এক বাসিন্দা জানিয়েছেন, অভিযানে বেশ কয়েকজন লোক নিহত হয়েছেন। আরেকজন জানিয়েছেন, উদ্ধারকারীরা বহুতল একটি ভবন থেকে নারী ও শিশুসহ অন্তত ১২ জনের লাশ বের করেছে।
ওয়াশিংটনভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো চার্লস লিস্টার জানিয়েছেন, ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তিনি; তারা জানিয়েছে, অভিযানটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে।
“বাগদাদির (আইএস নেতা) অভিযানের পর এটিকে এ ধরনের সবচেয়ে বড় অভিযান বলে মনে হচ্ছে,” বলেছেন তিনি।
২০১৯ সালে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিযানে ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যু হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা ও বিদ্রোহীরা বলেছে, ইদলিব প্রদেশের আতমাহ শহরের কাছে বেশ কয়েকটি হেলিকপ্টার নেমেছিল, এরপর বিদেশি এক জঙ্গির বাড়ির কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় ছিটমহল ইদলিব।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্রোহী কর্মকর্তা জানান, যাকে লক্ষ্য করে অভিযানটি পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই জঙ্গি তখন তার পরিবারের সঙ্গে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযান শেষে হেলিকপ্টারগুলো সেখান থেকে চলে যায় কিন্তু অজ্ঞাত নজরদারি বিমানগুলো তখনও এলাকাটির উপর ঘোরাঘুরি করছিল।
ওই বিদ্রোহী কর্মকর্তা জানান, অভিযানের পর জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নিরাপত্তা রক্ষীরা তড়িঘড়ি করে সেখানে উপস্থিত হয়।
সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদিলব প্রদেশ ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকার অধিকাংশই হায়াত তাহরির আল শামের নিয়ন্ত্রণে আছে। আগে এই গোষ্ঠীটি নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল, ২০১৬ পর্যন্ত তারা আল কায়েদার একটি অংশ ছিল।
বেশ কয়েকজন বিদেশি জঙ্গি নেতা এই গোষ্ঠীটি থেকে বিচ্ছিন্ন হয়ে হুরাস আল-দিন নামের আরেকটি গোষ্ঠী গঠন করেছে। বিদেশি সন্ত্রাসী সংগঠনের তকমা পাওয়া এই গোষ্ঠীটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলার শিকার হচ্ছে।
