মিয়ানমারে অভ্যুত্থানের পর মাদক পাচার বাড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়
মিয়ানমারে একবছর আগে সেনা অভ্যুত্থানের পর থেকে ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতিতে মাদক উৎপাদন বেড়েছে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোসহ আরও কয়েকটি দেশে সেগুলোর পাচার বেড়ে গেছে।
জাতিসংঘের ‘অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম’ (ইউএনওডিসি) এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন।
গতমাসে লাওস, থাইল্যান্ড এবং মালয়েশিয়া কর্তৃপক্ষ অন্তত নয় কোটি পিস মেথামফেটামিন ট্যাবলেট এবং প্রায় সাড়ে চার টন ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করেছে। যেগুলোর বেশিরভাগই মিয়ানমারের প্রত্যন্ত সীমান্তাবর্তী শান রাজ্যে উৎপাদন করা হয়েছে বলে জানায় ইউএনওডিসি।
ইউএনওডিসি’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রতিনিধি জেরেমি ডগলাস বলেন, ‘‘মিয়ানমারে আগে থেকেই বাড়াবাড়ি মাত্রায় মেথামফেটামিন উৎপাদন হত। গত এক বছরে উৎপদন আরও বেড়েছে এবং সেখানে মাদকের উৎপাদন কমার কোনও লক্ষণও নেই।
“মাদক এবং যুদ্ধ মিয়ানমারে অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে এবং একটির কারণে অন্যটির বাড়বাড়ন্ত হচ্ছে। বিশৃঙ্খলা এবং অস্থিতিশীল পরিবেশ মাদক পাচারকারীদের জন্য সুযোগ হয়ে আসে।”
সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের অর্থনীতি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ডগলাস বলেন, শান রাজ্যের কৃষকদের সামনে আর কোনও পথ খোলা নেই। তাই তারা আবার আফিম চাষে ফিরে গেছেন।
ঐতিহ্যগতভাবে মিয়ানমারে উৎপাদিত মাদকের বড় বাজার প্রতিবেশী দেশ থাইল্যান্ড। অফিস অব নারকোটিক্স কন্ট্রোল বোর্ডের তথ্যানুযায়ী, ২০২১ সালে থাইল্যান্ড কর্তৃপক্ষ ৫২ কোটি পিস মেথামফেটামিন ট্যাবলেট জব্দ করে। তার আগের বছর এই সংখ্যা ছিল ৩৬ কোটি।
মিয়ানমারের উত্তরাঞ্চল, লাওসের কিছু অংশ এবং থাইল্যান্ড মাদক চোরাকারবারীদের অভয়ারণ্য। যেটি ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ নামে পরিচিত। এশিয়ার অপরাধী চক্রগুলো মিয়ানমারের কয়েকটি আদিবাসী সশস্ত্র গোষ্ঠীর সহায়তায় সেখানে মাদক উৎপাদন করে। যেগুলো এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে বিক্রি করা হয়।
ইউএনডিওসির কর্মকর্তা এবং কয়েকজন বিশেষজ্ঞ রয়টার্সকে বলেন, অভ্যুত্থানের পর মিয়ানমারে যে বিশৃঙ্খলা এবং নাগরিক অসন্তোষ বিরাজ করছে, তার সুযোগে অদিবাসীদের কয়েকটি দল মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং নিজেদের এলাকার বিস্তার ঘটিয়েছে।
