২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে রাস্তায় ২ পুলিশকে গুলি করে হত্যা

জার্মানির পশ্চিমের রাইনল্যান্ড-প্যালাটিনাট রাজ্যে সড়কে একটি গাড়ি থেকে দুই পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 11:18 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

বিবিসি জানায়, ফ্রান্স সীমান্তবর্তী ওই রাজ্যের কুজেল জেলায় স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ২০ মিনিটে (০৩:২০ জিএমটি) এ ঘটনা ঘটে।

নিয়মিত টহলের অংশ হিসেবে ওই দুই পুলিশ রাস্তায় সন্দেহভাজন একটি গাড়ি থামিয়েছিলেন।

গুলিবিদ্ধ দুই পুলিশ ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে একজন পুরুষ (২৯)এবং একজন নারী (২৪)। নিহত নারী পুলিশ একটি পুলিশ একাডেমির শিক্ষার্থী ছিলেন।

হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল এবং তার আশেপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।

কর্তৃপক্ষ স্থানীয়দের রাস্তা থেকে অচেনা মানুষকে গাড়িতে তুলতে নিষেধ করেছেন। বলেছেন, এ ঘটনায় অন্তত একজন অস্ত্রধারী জড়িত। প্রতিবেশী রাজ্য সারল্যান্ডেও অভিযান চলছে।

এ ঘটনার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। হামলাকারীর বর্ণনা, গাড়ি কেমন ছিল, সেটি কোন দিকে পালিয়ে গেছে এবং কি কারণে এ হত্যাকাণ্ড তার কিছুই এখনো পরিষ্কার না বলে জানিয়েছে পুলিশ।

জার্মানির বিল্ড পত্রিকার খবর অনুযায়ী, নিহত দুই পুলিশ রাস্তায় দায়িত্ব পালনের সময় রেডিওতে দুইটি ম্যাসেজ পাঠিয়েছিলেন।

তার মধ্যে প্রথমটিতে পুলিশকে বার বার বলতে শোনা যায়, তারা একটি সন্দেহজনক গাড়ি থামিয়েছেন এবং সেটির বুটে ‘ডেড গেম’ পেয়েছেন।

তার পরপরই দ্বিতীয় রেডিও বার্তায় দুই পুলিশ কর্মকর্তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘‘তারা আমাদের দিকে গুলি ছুড়ছে।” এরপর রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী পুলিশ কর্মকর্তাকে মৃত অবস্থায় পান এবং তার পুরুষ সহকর্মী কিছুক্ষণের মধ্যে মারা যান।