২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কানপুরে বিদ্যুৎচালিত বাসের চাপায় নিহত ৬

ভারতের কানপুরে একটি বিদ্যুৎচালিত বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই ছয় জন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 11:37 AM

Updated : 25 Oct 2022, 10:12 AM

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সোমবার জানিয়েছে, কানপুর শহরের তাঁত মিল চৌরাস্তার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারালে হতাহতের এই ঘটনা ঘটে।

পুলিশের বরাতে এনডিটিভি জানায়, চলন্ত বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো কয়েকটি যানবাহন এবং পথচারীদের চাপা দেয়। বাসের ধাক্কায় তিনটি গাড়ি ও অনেক সাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এরপরেও বাসটি ছুটতে থাকে এবং একটি ট্রাফিক বুথ গুঁড়িয়ে শেষমেষ একটি ট্রাককে ধাক্কা দিয়ে থেমে যায়।

Image
ছবি: হিন্দুস্থান টাইমস

ছবি: হিন্দুস্থান টাইমস

পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে জানিয়ে পূর্ব কানপুরের উপপুলিশ কমিশনার প্রমোদ কুমার বলেন, “বাসের চালক পালিয়েছে, আমরা তাকে খুঁজছি।”

ঘটনাস্থলের কাছের একটি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ এক টুইটে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীও নিহতদের প্রতিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন।