২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে রাশিয়ার হামলা হলে সেনা পাঠানোর পরিকল্পনা নেই: নেটো

পশ্চিমা সামরিক জোট নেটো’র মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়া আগ্রাসন চালালে নেটো-বহির্ভূত দেশ ইউক্রেইনে যুদ্ধের জন্য সেনা পাঠানোর কোনও পরিকল্পনা নেই।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Jan 2022, 08:15 PM

Updated : 28 Apr 2022, 11:33 PM

রোববার তিনি একথা বলেন। বিবিসি টেলিভিশনের পক্ষ থেকে এদিন স্টলটেনবার্গের কাছে জানতে চাওয়া হয়েছিল, রাশিয়া ইউক্রেইনে হামলা চালালে তিনি সেখানে নেটো সেনা মোতায়েন নাকচ করবেন কি-না।

জবাবে তিনি বলেন, “ইউক্রেইনে নেটো সেনা মোতায়েনের কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা সমর্থন দেওয়ার দিকেই মনোনিবেশ করছি।”

“নেটোর সদস্য হওয়া আর ইউক্রেইনের মতো অত্যন্ত শক্তিশালী ও মূল্যবান অংশীদার হওয়ার মধ্যে পার্থক্য আছে। এ নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই,” বলেন স্টলটেনবার্র্গ।

রাশিয়া ইউক্রেইনে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্র দেশগুলো। তবে রাশিয়া বরাবরই এ ধরনের পরিকল্পনা থাকার কথা অস্বীকার করে আসছে।

তারপরেও ইউক্রেইনকে সহযোগিতা করতে ওই অঞ্চলে যুক্তরাজ্য এরই মধ্যে সেনা সংখ্যা বাড়ানোর চিন্তা-ভাবনা করার কথা জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, সম্ভাব্য সেনা মোতায়ন করা হলে তা ‘ক্রেমলিনকে স্পষ্ট বার্তা দেবে’।