২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনেটরের বিরুদ্ধে ‘সহিংসতার হুমকিতে’ ফেলার অভিযোগ ফাউচির

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি ভুল তথ্য ছড়িয়ে তাকে ও তার পরিবারকে সহিংসতার হুমকির মুখে ফেলার জন্য দেশটির এক সেনেটরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2022, 02:27 PM

Updated : 28 Apr 2022, 11:26 PM

তিনি বলেছেন, রিপাবলিকান র‌্যান্ড পল যে ভুলভাল তথ্য ছড়াচ্ছেন, তা তার (ফাউচি) এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সহিংস হুমকি উসকে দিচ্ছে এবং কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই থেকে জনসাধারণের মনোযোগ সরিয়ে দিচ্ছে।

মঙ্গলবার মার্কিন সেনেটের স্বাস্থ্য বিষয়ক কমিটির শুনানিতে কেন্টাকি থেকে নির্বাচিত আইনপ্রণেতা ও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থক পলের সঙ্গে ফাউচির ব্যাপক তর্কাতর্কি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফাউচি বলছেন, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৮ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া স্বাস্থ্যসেবা সংকট মোকাবেলা কার্যক্রম তদারকির চেয়ে পল ভুলভাল তথ্য দিয়ে আক্রমণেই বেশি মনোযোগী।

অন্যদিকে পলের ওয়েবসাইটে ফাউচির বিরুদ্ধে সুপরামর্শ উপেক্ষা করা এবং মাস্ক থেকে শুরু করে ভাইরাসের সংক্রামক ক্ষমতা নিয়ে মিথ্যা বলার অভিযোগ আনা হয়েছে।

মতের মিল না হওয়া বিজ্ঞানীদের নামে ফাউচি কুৎসা রটান বলেও অভিযোগ করেছেন রিপাবলিকান এই সেনেটর।

অপরদিকে ফাউচির অভিযোগ, পল সত্যকে বিকৃত করেছেন। তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে ফাউচি  বলেন “ফের একই কাজ করেছেন, প্রতি শুনানিতেই আপনি একই কাজ করছেন।”

‘রাজনৈতিক কারণে’ পল এসব বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও মন্তব্য এ শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞের।

“আমরা সবাই মিলে মহামারীটা বুঝতে এবং একে মোকাবেলা করার চেষ্টা করছি, এটি কাল্পনিক কিছু নয়, কিন্তু সবকিছুকে এটা (পলের আক্রমণ) বিভ্রান্ত করছে,” বলেছেন ফাউচি।

মহামারী ঠেকাতে টিকাদান ও মাস্ক পরার মতো যেসব পদক্ষেপের পক্ষে ফাউচি প্রচার চালিয়ে আসছেন, সেসব নিয়ে আপত্তি জানানো অনেক রক্ষণশীল সমর্থক তার কঠোর সমালোচনা করে আসছে, অনেকে তাকে মেরে ফেলারও হুমকি দিয়েছে।

ফাউচির মতে, বিকৃত তথ্যই এসব হুমকি উসকে দিচ্ছে।

“তিনি (পল) যখন বলেন এবং পুরোপুরি অসত্য সব বিষয় নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেন তখন তা উন্মত্ততা জাগিয়ে তোলে, আমার জীবনের ওপর হুমকি আসে, আমার পরিবার ও সন্তানরা হয়রানির সম্মুখীন হয়,” বলেন তিনি।

ফাউচি জানান, গত ২১ ডিসেম্বর আইওয়া থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, ‍যিনি তাকে হত্যার উদ্দেশ্যে ক্যালিফোর্নিয়া থেকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে আসছিলেন।

এদিকে সেনেটর পলও ফাউচির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ করেছেন। কেউই ফাউচিকে আঘাত করতে চায় না বলে দাবিও করেছেন তিনি।