২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওমিক্রনের ঊর্ধ্বগতি, অস্ট্রেলিয়ায় হাসপাতালে চাপ বাড়ছে

অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের দ্রুত সংক্রামক নতুন ধরন ওমিক্রন। ভাইরাসের সংস্পর্শে আসায় হাসপাতালকর্মীদের আইসোলেশনে যেতে হচ্ছে। যে কারণে হাসপাতালগুলোতে এরই মধ্যে কর্মী সংকট দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2022, 12:04 AM

Updated : 28 Apr 2022, 11:26 PM

অথচ করোনাভাইরাস মহামারীর প্রায় পুরোটা সময় সফলভাবে সংক্রমণ আটকে রাখতে সক্ষম হয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে অর্ধেকের বেশিই আক্রান্ত হয়েছেন গত দুই সপ্তাহে।

মঙ্গলবার অস্ট্রেলিয়ায় প্রায় ৮৬ হাজার নতুন রোগী শনাক্ত হয়। রোগীদের সেবা দিতে গিয়ে হাসপাতালকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেন, ‘‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় খুবই চাপ পড়ছে।

‘‘রাজ্যের প্রায় চার হাজার হাসপাতালকর্মী এবং চারশ অ্যাম্বুলেন্স কর্মীকে আইসোলেশনে রাখা হয়েছে।’’এবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসে সংক্রমণ সব থেকে বেশি।