পরীক্ষাগারের ভুলে ২৯৮ যাত্রী কোভিড ‘পজিটিভ’, তদন্ত শুরু
পরীক্ষাগারের ভুল রিপোর্টের কারণে গত সপ্তাহে ইতালি থেকে ভারতের অমরিতসর পৌঁছানো দু’টি চাটার্ড ফ্লাইটের বেশিরভাগ যাত্রী কোভিড ‘পজিটিভ’ হয়েছিলেন। ব্যক্তিমালিকানাধীন ওই পরীক্ষাগারের ভুলের কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
গত সপ্তাহে ইতালির রোম ও মিলান থেকে দুইটি উড়োজাহাজ ভারতের অমরিতসরে যায়। বিমানবন্দরে নামার পর কোভিড পরীক্ষায় রোম থেকে আসা ফ্লাইটের ১৭৩ জন এবং মিলান থেকে আসা ফ্লাইটের ১২৫ জন যাত্রী কোভিড ‘পজিটিভ’ হন।
‘পজিটিভ’ হওয়া যাত্রীদের বিমানবন্দর থেকে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল। আইসোলেশনে যাওয়া নিয়ে যাত্রী এবং তাদের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
যাত্রীদের দাবি ছিল, তাদের পরীক্ষার ফলে ভুল হচ্ছে। কারণ, ইতালি থেকে ফ্লাইটে উঠার আগে তারা কোভিড পরীক্ষা করিয়েছিলেন এবং ফল ‘নেগেটিভ’এসেছিল। কয়েকজন যাত্রী পরে আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে যান।
ভারতের গণমাধ্যমগুলো এ খবর বেশ ফলাও করে প্রচার করে। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমও তা প্রকাশ পায়।
বিবিসি পাঞ্জাব জানায়, এত যাত্রীর কোভিড পরীক্ষার ফল ‘পজিটিভ’ হওয়ায় সংশয় দেখা দিলে বিমানবন্দরেই তাদের মধ্যে ৩০ জনকে পুনরায় পরীক্ষা করা হয় এবং এবার মাত্র তিন জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।
তারপরই ব্যক্তিমালিকানাধীন ল্যাব ‘স্পাইসহেল্থ’ এর সেবা গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
বিমানবন্দরের পরিচালক ভি কে সিথ বিবিসি-কে বলেন, ‘‘যদি এটি যান্ত্রিক কোনও ত্রুটি হয় তবে আমরা নির্দিষ্ট দিকনির্দেশনা মেনে চলব। কিন্তু যদি এটি কোনও ব্যক্তির ভুলে হয় বা পরীক্ষার সব নিয়ম ঠিকঠাক মত মানা না হয়, তবে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
প্রাথমিকভাবে পরীক্ষাগারের মেশিনগুলো ঠিকমত কাজ করছিল না বলে জানা গেছে। ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান অমরিতসরের সিভিল সার্জন ডা. চরণজিত সিং।
বিশ্বজুড়ে আবার কোভিড-১৯ সংক্রমণ বাড়তে শুরু করায় গত ১৫ ডিসেম্বর ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ উচ্চ ঝুঁকির দেশগুলো থেকে ভারতে আসা যাত্রীদের কোভিড পরীক্ষার জন্য ‘স্পাইসহেল্থ’কে ভাড়া করে।
‘স্পাইসহেল্থ’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘বিমানবন্দর কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করে যে প্রযুক্তির কথা উল্লেখ করেছে, স্পাইসহেল্থ সে প্রযুক্তিই ব্যবহার করেছে। কেন ইতালি থেকে আসা দুইটি চাটার্ড ফ্লাইটের যাত্রীদের কোভিড পরীক্ষার ফল উদ্বেগজনকভাবে পজিটিভি এল সেটা নিয়ে আমরা বিস্তারিত তদন্তের সিদ্ধান্ত নিয়েছি।”
ভারতে আবারও কোভিড-১৯ সংক্রমণ লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার দেশটিতে এক লাখ ৬৭ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়। যেসব রাজ্যে রোগ সংক্রমণ বেশি হয়েছে পাঞ্জাব তার একটি। অমরিতসর পাঞ্জাবের একটি নগর।
