ইতালি-ভারত ফ্লাইটে শতাধিক যাত্রী কোভিড ‘পজিটিভ’
একটি চার্টার্ড ফ্লাইটে ইতালি থেকে ভারতের অমরিতসর যাওয়া ১২৫ যাত্রী কোভিড-১৯ পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েছেন।
তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা।
বিবিসি জানায়, ইতালির ভেরোনা থেকে বুধবার বিকালে ১৭৯ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি অমরিতসর পৌঁছায়।
সারা বিশ্বের মতো ভারতেও করোনাভাইরাসের দ্রুত সংক্রামক নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে।
দেশটিতে বৃহস্পতিবার ৯০ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়। গত সপ্তাহের তুলনায় যা প্রায় ছয় গুণ বেশি।
ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
বৃহস্পতিবার অমরিতসর পৌঁছানো উড়োজাহাজটির ১৬০ জন যাত্রীর মধ্যে ছোট ছোট শিশুরাও রয়েছে।
ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের খবরে দেখা গেছে, কোভিড ‘পজিটিভ’ যাত্রীদের আইসোলেশনে নিতে বিমানবন্দরের বাইরে অনেকগুলো অ্যাম্বুলেন্স লাইন ধরে দাঁড়িয়ে আছে।
যাত্রীদের স্বাজনসহ বহু মানুষ বিমানবন্দরের গেটে হইচই করছেন।
ভারতে বিশেষ করে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরালা, তামিল নাড়ু, কর্ণাটক এবং ঝাড়খণ্ডে গত কয়েক সপ্তাহে কোভিড-১৯ সংক্রমণ দ্রুতগতিতে বাড়ছে। এজন্য ওমিক্রন ধরন দায়ী বলে ধারণা বিশেষজ্ঞদের।
ভারতে এখন পর্যন্ত সাড়ে তিন কোটির বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চার লাখ ৮২ হাজারের বেশি মানুষ।
২০২১ সালের এপ্রিল ও মে মাসে ভারতে সংক্রমণ এবং মৃত্যুর রেকর্ড হয়েছিল। হাসপাতালগুলোতে রোগী উপচে পড়েছে। অক্সিজেনের অভাবে হাসপাতালে একসঙ্গে অনেক রোগী মারা গেছেন। বিনা চিকিৎসায় বহু মানুষের মৃত্যু হয়েছে।
