ব্রাজিলের লেকে পাহাড় থেকে পাথর ধসে নৌকায়, নিহত অন্তত ৭
ব্রাজিলে পাহাড় থেকে পাথর ধসে লেকে পর্যটকদের নিয়ে ঘুরে বেড়ানো একাধিক নৌকার ওপর পড়ার ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দেশটির দক্ষিণপূর্বে হওয়া এই দুর্ঘটনায় ৩২ জন আহত হয়েছে, তিনজন এখনও নিখোঁজ বলে জানিয়েছে বিবিসি।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পাহাড় থেকে পাথর আলগা হয়ে পড়ার মুহুর্তে নিচে থাকা নৌকাগুলোকে সতর্ক করতে অনেককেই চিৎকার করতে দেখা গেছে।
ধসে পড়া পাথরে অন্তত একটি নৌকা ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে, অন্যগুলো শেষ মুহুর্তে সরে যেতে পেরেছিল।
স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, মিনে জেরাইস রাজ্যে কয়েকদিনের তুমুল বৃষ্টিপাতের পর কাপিতোলিওর ওই লেকে শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে পাহাড় থেকে পাথর ধসের এ ঘটনা ঘটে।
ধসে পড়া পাথরে তিনটি নৌযান ক্ষতিগ্রস্ত হয়; আহত ৩২ জনের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলেছেন লেফটেনেন্ট পেদ্রো আইহারা।
নিখোঁজদের সন্ধানে ডুবুরি ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
