মেক্সিকোতে গভর্নর অফিসের বাইরে গাড়িতে মিলল ১০ লাশ
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় সাকাতেকাস রাজ্যে একটি গাড়ির ভেতর ১০ জনের মৃতদেহ পাওয়ার পর এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গভর্নরের কার্যালয়ের বাইরে এক চত্বরের মাঝখানে ফেলে যাওয়া একটি এসইউভিতে ওই লাশগুলো মেলে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
কর্মকর্তারা জানান, প্রথমে গাড়িটি দেখে সন্দেহ হয় তাদের; পরে বৃহস্পতিবার স্থানীয় সময় খুব সকালে তার ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
মধ্যাঞ্চলীয় রাজ্যটির গভর্নর ডেভিড মনরেল সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহভাজন দুই জনকে আটক করার খবর নিশ্চিত করেছেন।
“তারা এসেছিল লাশগুলো প্যালেসের সামনে ফেলে যেতে,” প্লাজা দে আর্মাসে অবস্থিত তার শতবর্ষ পুরনো কার্যালয়ের কথা উল্লেখ করে বলেন মনরেল।
নিহতরা ‘সম্ভবত ব্যাপক মারধরের’ শিকার হয়েছিলেন বলেও ধারণা করছেন তিনি।
ঘটনার তদন্তে সহায়তার ঘোষণা দিয়েছে মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রণালয়।
সাকাতেকাসে মাদক কারবারে জড়িত প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে খণ্ডযুদ্ধ প্রায়ই দেখা যায়; মৃতদেহ ফেলে যাওয়া বা সবাই দেখতে পাবে এমন জায়গায় রাখার ঘটনাও বিরল নয়।
এই সমস্যা মোকাবেলায় চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন মনরেল।
“একটু একটু করে আমরা আমাদের শান্তি পুনরুদ্ধার করবো। আমরা যা পেয়েছি, তা হল অভিশপ্ত উত্তরাধিকার,” সহিংসতা নিয়ে ফ্রান্সভিত্তিক একটি বার্তা সংস্থাকে এমনটাই বলেছেন এ গভর্নর।
