২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন নিয়ে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাজ্যের

রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে যুক্তরাজ্য বলেছে, মস্কোর অর্থনৈতিক খাতকে চরম দুর্দশায় ফেলতে নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ চলছে। রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন চালালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2022, 11:19 PM

Updated : 28 Apr 2022, 11:23 PM

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস পার্লামেন্টে বলেন, “ইউক্রেইনে আরও কোনওরকম সামরিক হস্তক্ষেপ মারাত্মক পরিণতি ডেকে আনবে। সেইসঙ্গে রাশিয়ার স্বার্থ এবং অর্থনীতিকে চরম মূল্য দেওয়াতে সমন্বিত নিষেধাজ্ঞা আপতিত হবে।”

“যুক্তরাজ্য রাশিয়ার অর্থনৈতিক খাত এবং ব্যক্তিবর্গের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ নিয়ে অংশীদারদের সঙ্গে কাজ করছে”, বলেন তিনি।

ট্রাস আরও বলেন, “রাশিয়া এর গণতান্ত্রিক প্রতিবেশী দেশে বিঘ্ন ঘটানোর যে অভিযান শুরু করেছে তা আমরা মেনে নেব না। তারা তাদের আগ্রাসী আচরণের যৌক্তিকতা তুলে ধরতে ইউক্রেইনকে মিছেমিছি একটি হুমকি হিসাবে চিত্রিত করছে।”

“রাশিয়া হচ্ছে এখানে আগ্রাসী শক্তি, আর নেটো সবসময়ই প্রতিরক্ষামূলক জোট” বলেন তিনি।

সম্প্রতি ইউক্রেইনের কর্মকর্তারা তাদের দেশের সীমান্তে এক লাখের বেশি রুশ সেনা মোতায়েনের কথা জানিয়ে দেশটিতে রাশিয়া শিগগির আগ্রাসন চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোও অভিযোগ করে বলেছে, সেনা মোতায়েনের মধ্য দিয়ে ইউক্রেইনে হামলার পরিকল্পনা করেছে মস্কো।

ইউক্রেইনে আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্রও। রাশিয়া অবশ্য ইউক্রেইনে হামলার ব্যাপারে পশ্চিমাদের আশঙ্কা উড়িয়ে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, ২০২২ সালে রাশিয়া শিগগিরই ইউক্রেইনে সামরিক হামলা শুরু করতে পারে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, তিনি এ মাসের শেষ দিকে কিয়েভ সফরে যাবেন। সেখানকার অবস্থা গুরুতর পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে। এখান থেকে পরিত্রাণের পথ একটাই। আর তা হচ্ছে সংঘাতের পথ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিছু হটে আসা।