কোভিড-১৯ পাস নিয়ে প্রাণনাশের হুমকিতে ফ্রান্সের এমপি’রা
করোনাভাইরাস মোকাবেলায় টিকা নেওয়ার প্রমাণস্বরূপ একটি কোভিড-১৯ পাস চালুর পক্ষে কথা বলার জন্য প্রাণনাশের হুমকি পাচ্ছেন ফ্রান্সের এমপি’রা। কয়েকজন এমপি এমন হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন।
বিবিসি জানায়, ফ্রান্সের সরকার একটি আইন পাসের চেষ্টা চালাচ্ছে। যে আইনের আওতায় মানুষের কোনও জনসমাগম এলাকায় যাওয়া কিংবা পরিবহণে চড়তে কোভিড টিকা নেওয়ার প্রমাণ হিসাবে একটি পাস দেখাতে হবে।
অর্থাৎ, এ আইন পাস হলে কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কোভিড টিকা না নেওয়া মানুষদের জন্য চলাফেরা অনেকাংশে বিঘ্নিত হবে। আইনটি এ সপ্তাহের ভোটেই অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। কিন্তু সরকারের এই পদক্ষেপে এরই মধ্যে ক্ষেপে উঠেছেন টিকা-বিরোধীরা।
রোববার মধ্য-ডানপন্থি একটি রাজনৈতিক দলের এক নারী এমপি একটি ইমেইল টুইট করেছেন, যে ইমেইলে তিনি টিকা-পাস সমর্থন করার জন্য প্রাণনাশের হুমকি পেয়েছেন।
তিনি লেখেন “আমাদের গণতন্ত্র বিপদের মুখে”। এই হুমকির কথা পুলিশকে জানিয়েছেন এবং হুমকি-ধামকি দিয়ে তাকে টিকা পাস সমর্থন করা থেকে বিরত করা যাবে না বলে বিএফএম টিভি-তে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই নারী।
হোরাইজনস পার্টি নামে আরেকটি রাজনৈতিক দলের আরেক এমপিও একই ধরনের একটি টুইট শেয়ার করেছেন। যাতে ইমেইলে পাওয়া মৃত্যু হুমকির একটি স্ক্রিনশট দিয়েছেন তিনি।
সোমবার পার্লামেন্টে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী এই হুমকির নিন্দা জানানোর পাশাপাশি টিকা-বিরোধীদের স্বার্থপরতারও নিন্দা করেন।
করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ এক কোটি ছাড়ানো ষষ্ঠ দেশ হয়েছে ফ্রান্স। যদিও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ফ্রান্সে মানুষের টিকা নেওয়ার হার বেশি। ফ্রান্স সরকারের হিসাবমতে, দেশটির প্রাপ্তবয়স্কদের অন্তত ৯১ শতাংশই পূর্ণ ডোজ কোভিড টিকা নিয়েছেন।
তারপরও গত শুক্রবার ফ্রান্সে রেকর্ড ২ লাখ ৩২ হাজার ২০০ রোগী কোভিড শনাক্ত হয়। পরদিন শনিবার দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়। আগামী কয়েক সপ্তাহে দেশের সংক্রমণ পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
শনিবার ফরাসি সরকার বলেছে, সোমবার থেকে জনসমাগমের স্থানগুলোতে ছয় বছর থেকে শুরু করে সব শিশুকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। আর প্যারিস ও লিওঁর মতো বড় শহরগুলোতে রাস্তায় বের হওয়া সবার জন্য ফের মাস্ক পরার নির্দেশনাও জারি করা হয়।
ফ্রান্স সরকারের কোভিড-১৯ নির্দেশনার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভও চলে আসছে অনেক দিন ধরেই। এর মধ্যেই পার্লামেন্টে আইন পাসের মধ্য দিয়ে মধ্য-জানুয়ারি থেকে টিকার পাস চালু করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে সরকার।
বেশিরভাগ রাজনৈতিক দলই এতে সমর্থন দিচ্ছে। তাই বুধবার সিনেটে আইনটি নিয়ে বিতর্ক হওয়ার আগে পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে এটি পাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
