২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আবার জ্বলে উঠেছে আগুন

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে লাগা ধ্বংসাত্মক আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলার কয়েকঘণ্টা পরই আবার জ্বলে উঠেছে আগুন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 12:13 AM

Updated : 28 Apr 2022, 11:22 PM

বিবিসি জানায়, ভবনের ছাদ থেকে জ্বলে উঠতে দেখা যাচ্ছে আগুনের শিখা। দমকলকর্মীরা ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

ভবনটিতে কার্পেট এবং কাঠের মেঝে থাকায় বারবার আগুন জ্বলে উঠার আশঙ্কা আছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

রোববার সকালে কেপ টাউনের পার্লামেন্ট ভবনে এ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষ ধ্বংস হয়েছে। পুরোপুরি নষ্ট হয়ে গেছে মেঝে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগুন লাগানোসহ ভবন ভাঙচুর এবং চুরির অভিযোগও আনা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আগুনের ঘটনাকে ‘ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক’ বলে বর্ণনা করেন। তিনি এ ঘটনার পরও পার্লামেন্টের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। যদিও ছুটির কারণে এখন পার্লামেন্ট অধিবেশন বন্ধ আছে।

পার্লামেন্ট ভবনের তৃতীয় তলার দপ্তর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান কর্মকর্তারা। যা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি।