সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকের পদত্যাগ
সামরিক বাহিনীর সঙ্গে বিতর্কিত একটি চুক্তি করে ক্ষমতায় ফেরার কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক।
অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী হামদককে গৃহবন্দি করেছিল, কিন্তু অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তি করে নভেম্বরে পদ ফিরে পেয়েছিলেন তিনি।
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা ওই চুক্তি প্রত্যাখ্যান করে পুরোপুরি বেসামরিক রাজনৈতিক শাসনের দাবিতে প্রতিবাদ অব্যাহত রাখে।
দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের মুখে রোববার পদত্যাগের ঘোষণা দেন হামদক। এ দিন প্রতিবাদ চলাকালে অন্তত দুই জন নিহত হন বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে বিবিসি।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে হামদক বলেন, “সুদান একটি বিপজ্জনক মোড়ে আছে যা এর সম্পূর্ণ অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।”
দেশকে ‘বিপর্যয়ে পড়া’ থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, “যা কিছু করা হয়েছে তার সবকিছু ঐক্যমত্যে পৌঁছানোর জন্য করা সত্ত্বেও সেটি হয়নি। আমি এই দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রী হিসেবে আমার পদত্যাগ ঘোষণা করছি আর অন্য কোনো পুরুষ বা নারীকে এই মহান দেশকে ক্রান্তীকালীন সময় পার করে বেসামরিক গণতান্ত্রিক দেশে উত্তরণে সাহায্য করার সুযোগ দিচ্ছি।”
২০১৯ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে সুদানের দীর্ঘদিনের শাসক ওমর আল বশির ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপর দেশকে গণতান্ত্রিক শাসনের দিকে নিয়ে যেতে বেসামরিক ও সামরিক নেতারা নড়বড়ে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করে দেশ চালাতে থাকেন।
নভেম্বরে হামদকের সঙ্গে করা চুক্তি অনুযায়ী পুনর্বহালকৃত প্রধানমন্ত্রীর নির্বাচনের আগ পর্যন্ত টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত একটি মন্ত্রিসভার নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু এই বেসামরিক সরকারের কতোটা ক্ষমতা থাকবে তা পরিষ্কার ছিল না আর বিক্ষোভকারীরা বলেছেন, তারা সামরিক বাহিনীকে বিশ্বাস করেন না।
রোববার রাজধানী খার্তুম ও সংলগ্ন শহর ওমদুরমানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা ‘জনগণের শক্তি’ বলে শ্লোগান দেয় ও রাজনীতি থেকে সরে যাওয়ার জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানায়।
আন্দোনলকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, “২০২২ সাল হবে প্রতিরোধের ধারাবাহিকতার বছর।”
গণতন্ত্রপন্থি সুদান সেন্ট্রাল ডক্টরস কমিটির তথ্য অনুযায়ী, রোববারের দুই জনসহ অভ্যুত্থানের পর থেকে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান অক্টোবরের অভ্যুত্থানের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, আসন্ন গৃহযুদ্ধের হুমকি থেকে দেশকে রক্ষা করতে সামরিক বাহিনী এ পদক্ষেপ নিয়েছে। সুদান এখনও বেসামরিক শাসনে ফিরতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তিনি। দেশটিতে ২০২৩ সালের জুলাইতে সাধারণ নির্বাচন হওয়ার কথা আছে।
