২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড মোকাবেলায় ভারতে কঠোর বিধিনিষেধ আরোপ

নতুন বছর উদযাপনের আগে দিয়ে পার্টি এবং জনসমাগম এলাকাগুলোতে গণ জমায়েত ঠেকাতে কঠোর নিয়ম কানুন চালু করেছে ভারত কর্তৃপক্ষ। দেশজুড়ে কোভিড-১৯ এর বিস্তার বাড়তে থাকায় নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Staff Correspondent, bdnews24.com

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 06:56 PM

Updated : 08 Apr 2022, 12:04 AM

বড় বড় সব শহরে জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ। রেস্তোঁরাগুলোতে কাস্টমার সংখ্যা সীমিত রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন কোভিড শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জনের। আর মৃত্যু হয়েছে ২৬৮ জনের। শহুরে এলাকাগুলোতে একলাফে অনেক বেড়ে গেছে কোভিড।

অক্টোবরের পর থেকে এখনই সংক্রমণ সবচেয়ে বেশি। ভারতজুড়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬১ জনে।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় মহারাষ্ট্র সরকার ৭ জানুয়ারি পর্যন্ত ৫ কিংবা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে।

মুম্বাইয়ে কোভিড সংক্রমণ বেড়ে ২, ৫১০ জনে দাঁড়িয়েছে। মে মাসের পর থেকে এটিই সর্বোচ্চ সংক্রমণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ বলেছেন, “কোনও নিয়মবিধি ছাড়াই মানুষের সামাজিক জমায়েতগুলো হতে দেখা যাচ্ছে। মানুষ কোনও দূরত্ব বিধি মানছে না। আমরা ভাইরাসের বিস্তার ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছি।”

তিনি বলেন, নতুন করে কোভিড সংক্রমণ ঠেকানোর জন্য আগামী ৪৮ ঘন্টা সময় কর্তৃপক্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ওমিক্রমের বিস্তার ঠেকাতে ভারতের রাজধানী নয়া দিল্লিতে একদিন আগেই রাত্রিকালীন কারফিউসহ নতুন করে বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মঙ্গলবার জানায় এনডিটিভি।

ভারত টিকা কর্মসূচিতে এগিয়েছে। লোকজনকে বুস্টার ডোজ দেওয়ারও উদ্যোগ শুরু হচ্ছে। কিন্তু দেশটিতে সরকারের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকদের ধর্র্মঘটের কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার হুমকি থেকে যাচ্ছে।