২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার পুরনো পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় আদিবাসী জনগোষ্ঠীর সার্বভৌমত্বের দাবিতে চলা বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা দেশটির পুরনো পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দিয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 03:53 PM

Updated : 02 Aug 2022, 06:46 PM

বৃহস্পতিবারের এ ঘটনায় ঐতিহ্যবাহী ভবনটির প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

আগুন লাগার পরপরই ভবনটির ভেতরে থাকা শ্রমিকদের দ্রুত বের করে নিয়ে আসা হয় এবং দমকল কর্মীরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে। 

অস্ট্রেলিয়ায় এ ধরনের সহিংস বিক্ষোভ  বিরল হলেও মহামারীর সময় প্রায়ই এ ধরনের ঘটান ঘটেছে  বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

পর্যবেক্ষকরা জানিয়েছেন, কিছু বিক্ষোভকারী নিজেদের সরকারবিরোধী ও ‘সার্বভৌম নাগরিক’ গোষ্ঠীর বলে পরিচয় দিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, “অস্ট্রেলিয়ার এরকম ঘটনা ঘটতে পারে না। আমি এরকম কার্যক্রমে অত্যন্ত বিচলিত এই দেখে যে আমাদের দেশে গণতন্ত্রের এমন একটি প্রতীকে অস্ট্রেলিয়ানরা এসে আগুন ধরিয়ে দিয়েছে।”

আদিবাসী বিক্ষোভকারীরা ‘শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট’ শুরু করার পর ২০ ডিসেম্বর ভবনটির দরজা বন্ধ করে দেয় বর্তমান কর্তৃপক্ষ ‘মিউজিয়াম অব অস্ট্রেলিয়ান ডেমোক্র্যাসি’।

জাদুঘরটি জানিয়েছে, তারা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার স্বীকার করে। তবে বৃহস্পতিবারের প্রতিবাদ সম্পর্কে তারা শেষ খবর পর্যন্ত কিছু জানায়নি।

পুরনো পার্লামেন্ট ভবনটির সামনের খোলা জায়গায় আদিবাসী তাঁবু দূতাবাস স্থাপনের ৫০ বছর পূর্তি উপলক্ষে  সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে আদিবাসী অধিকার কর্মীরা।

এটি আদিবাসী অধিকার আদায়ের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। আদিবাসীদের ভুমি অধিকারের আলোচনা ১৯৯২ সালে এখান থেকে শুরু হলেও পুরাতন এ পার্লামেন্ট ভবনটি সব সময় আদিবাসী অধিকার কর্মীদের দখলে ছিল না।

সাম্প্রতিক সময়ে তাদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলীয় ক্যাপিটাল টেরিটোরি (এসিটি) পুলিশ । ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নিকটবর্তী আরেকটি ভবনে স্থানান্তর করা হলে পুরনো এ ভবনটি একটি জাদুঘর এবং জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষিত আছে।