২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণবাদবিরোধী নেতা টুটুকে স্মরণ, দক্ষিণ আফ্রিকাজুড়ে শোক

বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আফ্রিকাজুড়ে। সদ্য প্রয়াত এ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশটি এক সপ্তাহের কর্মসূচি পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2021, 09:10 PM

Updated : 02 Aug 2022, 06:45 PM

টুটুর মৃত্যুকে ‘সূর্য অস্ত যাওয়ার’ সঙ্গে তুলনা করেছে দক্ষিণ আফ্রিকাবাসীরা। সোমবার দুপুরে তারা কেপটাউনের সেন্ট জর্জেস ক্যাথেড্রালে ১০ মিনিট ঘণ্টা বাজিয়ে, ফুল দিয়ে জাতির এই নেতাকে শ্রদ্ধা জানিয়েছে।

টুটুকে সম্মান জানাতে আগামী শুক্রবার দুপুর পর্যন্ত বাজানো হবে ক্যাথেড্রালের ওই ঘণ্টা। আর এই ঘণ্টাধ্বনি যিনিই শুনবেন তাকেই টুটুর সম্মানে ব্যস্ততা ভুলে এক মুহূর্তের জন্য নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন কেপ টাউনের আর্চবিশপ।

শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটুর মৃত্যুতে বিশ্বনেতারাও শোক ও শ্রদ্ধা জানিয়ে একের পর এক বিবৃতি দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জিমি কার্টার, ব্রিটিশ রানি এলিজাবেথ, পোপ ফ্রান্সিসসহ বিশ্বজুড়ে অনেকেই টুটুকে শ্রদ্ধা জানিয়েছেন।

ঘরে বাইরে সব জায়গাতেই সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন টুটু। গত রোববার মারা যান। দীর্ঘদিন প্রস্টেট ক্যানসার এবং সংক্রমণের ভুগে কেপটাউনে তার মৃত্যু হয়। আগামী ১ জানুয়ারি কেপটাউনে রাষ্ট্রীয় মর্যাদায় টুটুর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

ডেসমন্ড টুটুর জীবনাবসান  

টুটুর বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত সময়রেখা  

বিংশ শতাব্দীর শেষ দিকে কেপ টাউনে আর্চ বিশপ হিসেবে দায়িত্বপালন করা টুটু দক্ষিণ আফ্রিকার নিগৃহীত সমাজে জাতিগত বিদ্বেষ কমানোর ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছিলেন।

১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গরা গায়ের রঙের ভিত্তিতে মানুষকে আলাদা করে যে বৈষম্যের শাসন জারি রেখেছিল, তার বিরুদ্ধে আন্দোলনে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি।

নতুন প্রজন্মের হাতে ‘স্বাধীন দক্ষিণ আফ্রিকা’ তুলে দিতেও টুটু সাহায্য করেছিলেন। তিনি প্রতিবাদ ছড়িয়ে দিতে পেরেছিলেন দক্ষিণ আফ্রিকার সীমানা ছাড়িয়ে সারা বিশ্বেও। এই নেতা সব আঘাত হাস্যরসের সঙ্গে এড়িয়ে যেতেও ছিলেন পারঙ্গম।

টুটুকে শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “ইশ্বর এবং জনগণের একজন সত্যিকারের সেবকের এই চলে যাওয়ার কথা শুনে হৃদয় ভেঙে যাচ্ছে।”

১ জানুয়ারি শনিবার কেপটাউনে টুটুর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার আগের দিন শুক্রবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাষ্ট্রীয় ভবনে তার মৃতদেহ রাখা হবে।

টুটুর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে পারেন এমন ৫০০ জনের তালিকা করা হয়েছে। তবে কোভিডের বিধিনিষেধের কারণে সর্বোচ্চ ১০০ জনকে শেষকৃত্যে সামিল হতে দেওয়ার নিয়ম মেনে চলা উচিত বলেই সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আর্চবিশপ ম্যাগোবা।