২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুটুর বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত সময়রেখা

বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা, দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু ৯০ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন। নতুন প্রজন্মের হাতে ‘স্বাধীন দক্ষিণ আফ্রিকা’ তুলে দেওয়ায় অবদান রাখা এই মানুষটির মৃত্যুতে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তার বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত সময়রেখা তুলে ধরেছে রয়টার্স;

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Dec 2021, 08:20 PM

Updated : 08 Apr 2022, 12:03 AM

১৯৩১: ডেসমন্ড টুটু জোহানেসবার্গের ১৭০ কিলোমিটার পশ্চিমের শহর ক্লার্কসডর্পে অক্টোবরে জন্মগ্রহণ করেন।

১৯৪৩: টুটুর পরিবার একটি অ্যাংলিকান চার্চে যোগ দেয়।

১৯৪৭: জোহানসবার্গের সোফিয়াটাউনের অদূরে একটি মাধ্যমিক স্কুলে পড়ার সময় টুটুর যক্ষা ধরা পড়ে। তখন একজন যাজকের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। অসুস্থতা থেকে সেরে ওঠার পর টটু ওই যাজকের গির্জায় কাজ করেন।

১৯৪৮: জাতীয় নির্বাচনের আগে ‘শ্বেত ন্যাশনাল পার্টি’ বর্ণবাদ চালু করে। এ পদক্ষেপ দলটিকে শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে বিশেষত, যারা কৃষ্ণাঙ্গদের ওপর আধিপত্য বজায় রাখতে ইচ্ছুক ছিল তাদের কাছে তুমুল জনপ্রিয় করে তোলে।

১৯৫৭: টুটু নোমালিজো লেহ শেনেক্সেনকে বিয়ে করেন। একই বছরে তিনি একটি হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন। স্কুলটির প্রধান শিক্ষক ছিলেন তার বাবা।

১৯৫৮: শিক্ষকতা পেশায় বেশিদিন থাকতে পারেননি টুটু। কৃষ্ণাঙ্গ ছাত্রদের বিরুদ্ধে বৈষম্য, অসমতা উস্কে দেয়- এমন শিক্ষা ব্যবস্থায় জড়িত থাকতে চাননি তিনি। তাই শিক্ষকতা ছেড়ে যাজক হন টুটু।

১৯৬২: লন্ডনের কিংস কলেজে ‘ধর্মতত্ত্ব’র উপর পড়াশুনা করতে ব্রিটেনে পাড়ি জমান টুটু।

১৯৬৬ :পড়াশুনা শেষে আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যান টুটু। ইস্টার্ন কেপের একটি সেমিনারিতে ধর্মতত্ত্ব পড়ানো শুরু করেন তিনি। তখন তিনি দক্ষিণ আফ্রিকার বহুল পরিচিত বর্ণবাদ সম্পর্কে নিজের চিন্তা-চেতনাকে জাগ্রত করতে শুরু করেন।

১৯৭৫: জোহানেসবার্গের প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাংলিকান ডিন হন টুটু।

১৯৮০: ‘সাউথ আফ্রিকান কাউন্সিল অফ চার্চ’ এর সাধারণ সম্পাদক হিসাবে টুটু চার্চের নেতাদের একটি প্রতিনিধি দল নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যান এবং তাকে বর্ণবাদের অবসান ঘটানোর আহ্বান জানান। প্রধামন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ থেকে প্রত্যাশিত কোনও ফল না এলেও ওই মুহূর্তটি ছিল দক্ষিণ আফ্রিকার জন্য ঐতিহাসিক। কারণ, দেশটির ইতিহাসে একজন কৃষ্ণাঙ্গ নেতা হয় ঊর্ধ্বতন সরকারি শ্বেতাঙ্গ কর্মকর্তার মুখোমুখি দাঁড়ানোর ঘটনা এটিই ছিল প্রথম। এরপর সরকার টুটুর পাসপোর্ট জব্দ করে।

১৯৮৪: শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের অবসান ঘটানোর চেষ্টার জন্য টুটুকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।

১৯৮৫: জোহানেসবার্গের প্রথম কৃষ্নাঙ্গ বিশপ হন টুটু। বর্ণবাদ দূর করতে তিনি প্রকাশ্যেই দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক বয়কট এবং অসহযোগের পথে হাঁটেন।

১৯৮৬ সালে টুটু কেপ টাউনের বিশপ হিসেবে দায়িত্ব পান। তিনিই ছিলেন সাউদার্ন আাফ্রিকার অ্যাংলিকান চার্চের প্রধান হিসেবে নিযুক্ত প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি। অন্যান্য নেতাদের সঙ্গে মিলে তিনি কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী ও নিরাপত্তা বাহিনীর দ্বন্দ্ব অবসানে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

১৯৯০: দক্ষিণ আফ্রিকার স্টেট প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে নিষিদ্ধ তালিকা থেকে সরিয়ে নেন এবং নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেওয়ার পরিকল্পনা শুরু করেন।

 ১৯৯১: বর্ণবাদী অনেক আইন ও বিধিনিষেধ বাতিল করা হয়। তখনই রাষ্ট্র ও ১৬টি বর্ণবাদবিরোধী দলের সঙ্গে ক্ষমতা-ভাগাভাগির আলোচনা শুরু হয়।

১৯৯৪: দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে নেলসন ম্যান্ডেলা এএনসি থেকে বিপুল ভোটে জয়ী হলে বর্ণবাদ-পরবর্তী বহুল জাতিস্বত্ত্বার দেশের একতার বন্ধনকে তুলে ধরতে ডেসমন্ড টুটু ‘রেইনবো নেশন’ কথাটি চালু করেন।

১৯৯৪: নেলসন ম্যান্ডেলা টুটুকে ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’ কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে অনুরোধ করেন। কমিশনটি গঠিত হয়েছিল বর্ণবৈষম্যের সময়কালে মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের কথা শোনা, রেকর্ড করা এবং কিছু ক্ষেত্রে সাধারণ ক্ষমা প্রদানের উদ্যেশ্যে।

১৯৯৬: টুটু বিশপের দায়িত্ব থেকে অবসর নেন এবং কমিশনের কাজে পুরোপুরি আত্মনিয়োগ করেন। পরবর্তীতে টুটু আর্চবিশপ এমেরিটাস হিসেবে সম্মাননা অর্জন করেন।

১৯৯৭: প্রোস্টেট ক্যান্সার ধরা পড়লে বারবার ইনফেকশনে ভুগে টুটুকে চিকিৎসা নিতে হাসপাতালে যেতে হয়েছে।

২০১১: বার্ষিক ডেসমন্ড টুটু ইন্টারন্যাশনাল পিস লেকচার উদ্বোধন করেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। দক্ষিণ আফ্রিকার সরকার দালাই লামাকে ভিসা দিতে অস্বীকৃতি জানালে স্যাটেলাইট লিংকের মাধ্যমেই লেকচারের উদ্বোধন করেন তিনি।

২০১৩: টুটু আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টির তীব্র সমালোচনা করেন। দলটি অসমতা, সহিংসতা এবং দুর্নীতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে দাবি করে এএনসিকে আর ভোট দেবেন না বলে জানান তিনি।

 ২০১৩; টুটু সমকামীদের অধিকারকে সমর্থন জানান। হোমোফোবিক ঈশ্বরের বন্দনা কখনও করবেন না বলেও জানান তিনি।

২০২১:  রোগে ভুগে দুর্বল হয়ে পড়া টুটুকে ৯০তম জন্মদিন উপলক্ষে বিশেষ থ্যাংসগিভিংয়ে জন্য কেপ টাউনের সেন্ট জর্জ ক্যাথেড্রাল হুইলচেয়ারে করে ঘুরিয়ে দেখানো হয়, যে ক্যাথেড্রাল বর্ণবাদ-বিরোধী কর্মীদের স্বর্গভূমি হিসাবে ব্যবহার হয়ে এসেছে।

২০২১: ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী এই আর্চবিশপ ৯০ বছর বয়সে পৃথিবীকে চিরবিদায় জানান।