‘বিশ্ব বদলে দেওয়া’ ডেসমন্ড টুটুকে যুক্তরাজ্যের শ্রদ্ধা
৯০ বছর বয়সে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা, দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু চিরবিদায়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্যের গির্র্জার আর্চবিশপ থেকে শুরু করে প্রধানমন্ত্রীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
বিংশ শতাব্দীর শেষ দিকে কেপ টাউনে আর্চ বিশপ হিসেবে দায়িত্বপালন করা টুটু দক্ষিণ আফ্রিকার নিগৃহীত সমাজে জাতিগত বিদ্বেষ কমানোর ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেন।
১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গরা গায়ের রঙের ভিত্তিতে মানুষকে আলাদা করে যে বৈষম্যের শাসন জারি রেখেছিল, তার বিরুদ্ধে আন্দোলনে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি।
নতুন প্রজন্মের হাতে ‘স্বাধীন দক্ষিণ আফ্রিকা’ তুলে দিতেও টুটু সাহায্য করেছিলেন। বিবিসি জানায়, তার এইসব অবদানের স্মরণে তাকে বিশ্ব বদলে দেওয়া একজন মানুষ হিসাবে বর্র্ণনা করেছেন চার্চ অব ইংল্যান্ডের ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।
তিনি বলেন, “আজ বিশ্বে যে ভিন্নতা দেখা যাচ্ছে, তা এই মানুষটির কারণেই সম্ভব হয়েছে।” ওদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রশংসা করেছেন টুটুর নেতৃত্ব আর রসিকতার।
আর্চবিশপ টুটু যুক্তরাজ্যে পড়াশুনা করেছেন এবং কাজও করেছেন। সেখানে তার যাতায়াত ছিল হরহামেশাই। প্রধানমন্ত্রী জনসন বলেন, বর্ণবাদের বিরুদ্ধে এবং নতুন এক দক্ষিণ আফ্রিকা সৃষ্টির লড়াইয়ে তিনি (টুটু) ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার আধ্যাত্মিক নেতৃত্ব এবং অদম্য রসিকতার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
ব্রিটিশ লেবার পার্টি নেতা কির স্টারমার বলেন, ডেসমন্ড টুটু অবিচারের বিরুদ্ধে লড়ে যাওয়া এবং নিপীড়িতদের পাশে দাঁড়ানোর জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তার কর্র্মের সুদূরপ্রসারী প্রভাব পড়েছে সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে; সাড়া জাগিয়েছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
“তার জীবদ্দশায় বিশ্ব আরও উন্নত একটি স্থানে পরিণত হয়েছে”, বলে মন্তব্য করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা সার্জন। ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব আর্চবিশপ টুটুকে ‘সত্যিকারের এক মহান ব্যক্তিত্ব’ বলে বর্ণনা করেছেন।
মন্ত্রীসভার সাবেক মন্ত্রী লর্ড হাইন, যিনি বেড়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকায় এবং বর্ণবাদবিরোধীতার প্রচারে নেতৃত্ব দিচ্ছেন- তিনি বলেন, টুটু ছিলেন নেলসন ম্যান্ডেলার পর্যায়েরই একজন; যিনি তার সততা, দূরদৃষ্টি, সাহস এবং আন্তরিকতা দিয়ে লাখো মানুষকে উদ্দীপিত করেছিলেন।
১৯৬২ সালে লন্ডনের কিংস কলেজে ‘ধর্মতত্ত্ব’র উপর পড়াশুনা করতে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন টুটু। ১৯৬৬ সালে:পড়াশুনা শেষে আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে গিছিলেন তিনি।
তার কথা বর্ণনা করতে গিয়ে ক্যান্টারবারির আর্চবিশপ ওয়েলবি বলেছেন, টুটু ছিলেন কথা এবং কাজের মানুষ। অসাধারন সাহসেরও অধিকারী ছিলেন তিনি। পুলিশ কেপটাউন ক্যাথেড্রালে ঢুকে পড়ার সময়ও টুটু বারান্দায় নেচে নেচে তাদেরকে কাঁচকলা দেখিয়েছিলেন।
