উইন্ডসর প্রাসাদের মাঠ থেকে ‘সশস্ত্র অনুপ্রবেশকারী’ গ্রেপ্তার
বড়দিনের সকালে ব্রিটিশ রাজপরিবারের উইন্ডসর প্রাসাদের মাঠ থেকে ‘আক্রমণাত্মক অস্ত্রধারী’ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
টেমস ভ্যালি পুলিশ পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ১৯ বছর বয়সী সাউথহ্যাম্পটনের ওই বাসিন্দাকে মাঠে ঢোকার ‘কয়েক মুহূর্তের মধ্যে’ গ্রেপ্তার করা হয়।
সংরক্ষিত স্থাপনায় অনুমতি ছাড়া প্রবেশ ও আক্রমণাত্মক অস্ত্র বহনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ধরা পড়া ব্যক্তি প্রাসাদের কোনো ভবনে ঢোকেননি, তার অনুপ্রবেশ ও গ্রেপ্তারের বিষয়টি রাজপরিবারের সদস্যদের জানানো হয়েছে।
“এই ঘটনার তদন্ত চলছে, আমরা মেট্রপলিটন পুলিশের সহকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছি।
“জনসাধারণের জন্য আর কোনো বিপদ আছে বলে মনে করছি না আমরা,” বলেছেন টেমস ভ্যালি পুলিশের সুপারিনটেন্ডেন্ট রেবেকা মেয়ার্স।
রানি এলিজাবেথ সাধারণত নরফোকের সান্দ্রিংহামে বড়দিন উদযাপন করেন, তবে মহামারীর কারণে এবার তিনি সেখানকার আয়োজন বাতিল করে উইন্ডসরেই ছিলেন।
