২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর, বলছে অক্সফোর্ডের গবেষণা

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার বুস্টারসহ তিন ডোজের একটি কোর্স বেশ কার্যকর বলে দাবি করেছে ওষুধনির্মাতা কোম্পানিটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2021, 01:39 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যাব গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অক্সফোর্ডের এই গবেষণাটি এখন পর্যন্ত অন্য গবেষকদের দ্বারা যাচাই শেষে স্বীকৃত কোনো মেডিকেল জার্নালে প্রকাশিত হয়নি; তবে গবেষণার এই ফলের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার দুই প্রতিদ্বন্দ্বী বায়োএনটেক ও মডার্নার দাবির মিল রয়েছে। এই প্রতিষ্ঠানদুটিও তাদের বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে জানিয়েছে।

অক্সফোর্ডের এই গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন ডোজ নেওয়ার পর ওমিক্রনের বিরুদ্ধে যে সুরক্ষা মেলে, তা ডেল্টার বিরুদ্ধে টিকার দুই ডোজের সুরক্ষার প্রায় সমান।

অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, বুস্টার ডোজ নিয়ে অক্সফোর্ডের যে গবেষকরা গবেষণাটি করেছেন তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা তৈরিতে কাজ করা গবেষক দলের সদস্য ছিলেন না।

বুস্টার ডোজ নেওয়ার পর শরীরে অ্যান্টিবডির মাত্রা কোভিড-১৯ এ আক্রান্ত ও পরে প্রাকৃতিকভাবে সুস্থ হয়ে ওঠার পর থাকা অ্যান্টিবডির চেয়ে বেশি থাকে বলেও দাবি ব্রিটিশ-সুইডিশ এ ওষুধনির্মাতা কোম্পানিটির। 

বুস্টার ডোজ সংক্রান্ত প্রাথমিক তথ্যউপাত্ত ইতিবাচক বলে বিবেচিত হলেও মঙ্গলবার তারা বলেছিল, অ্যস্ট্রাজেনেকা অক্সফোর্ডের সঙ্গে মিলে ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর নতুন একটি টিকা বানাতে কাজ করছে।

টিকানির্মাতা অন্য কয়েকটি প্রতিষ্ঠানও একইরকম উদ্যোগ হাতে নিয়েছে।

অক্সফোর্ডের গবেষণায় কোভিড-১৯ এ আক্রান্ত, টিকার দুই ডোজ ও বুস্টার ডোজ নেওয়া ব্যক্তি এবং আগে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্টে’ আক্রান্ত হয়েছিলেন এমন ব্যক্তিদের রক্তের নমুনা বিশ্লেষণ করে দেখা হয়। যাদের রক্তের নমুনা নেওয়া হয় তাদের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩ ডোজ নেওয়া ৪১ জনও ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর ওমিক্রন মাত্র অল্প কদিনেই বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়ে; নতুন এ ভ্যারিয়েন্টের বিস্তৃতি ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশকে ফের বিধিনিষেধ আরোপের পথে হাঁটতে হচ্ছে।