২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যের গাড়ি ছিনতাই

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এক সদস্যের গাড়ি ছিনতাইয়ের ঘটনায় পাঁচ সন্দেহভাজনকে আটক করেছে ডেলওয়্যার রাজ্য পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 03:10 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

বুধবার ফিলাডেলফিয়া পার্কে বন্দুকের মুখে প্রতিনিধি ম্যারি গে স্ক্যালনের গাড়ি ছিনতাই করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনরা স্ক্যালনের গাড়িতেই অবস্থান করছিলেন; এ বিষয়ে তদন্ত চলছে এবং আরও তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

পেনসেলভেইনিয়ার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি স্ক্যালন (৬২) একজন ডেমোক্র্যাট। তিনি ২০১৮ সালের নভেম্বর থেকে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্বপালন করছেন। 

ফিলাডেলফিয়া শহর পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকালে নির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সেখান থেকে নিজের এসইউভির দিকে এগিয়ে যান স্ক্যালন, তখনই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হবে এমন দুই অস্ত্রধারী যুবক তার সামনে এসে গাড়ির চাবি দাবি করে। তাদের মধ্যে একজন স্ক্যালনের গাড়ি চালিয়ে নিয়ে যায় আর অপরজন আরেকটি এসইউভিতে চড়ে তাকে অনুসরণ করে পালিয়ে যায়। প্রতিনিধি স্ক্যালনকে আঘাত করেনি তারা।

ছিনতাই করা গাড়িটিতে স্ক্যালনের বেশ কিছু ব্যক্তিগত ও কাজের সঙ্গে সম্পর্কিত জিনিস ছিল বলে পুলিশ জানিয়েছে।

স্ক্যালন মার্কিন কংগ্রেসের একজন সদস্য হওয়ায় এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেইশন) তদন্তের নেতৃত্ব দিতে পারে বলে অনুমান করছে পুলিশ। এ বিষয়ে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ এফবিআইয়ের সঙ্গে কাজ করছে।

টুইটারে পোস্ট করা এক সংক্ষিপ্ত বিবৃতিতে স্ক্যালন পুলিশ বিভাগকে তাদের ‘দ্রুত সাড়ার’ জন্য ধন্যবাদ দিয়েছেন।

তার মুখপাত্র লরেন কক্স জানান, ফিলাডেলফিয়ার দক্ষিণাংশের এফডিআর পার্কে অন্যান্য নির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে ওই এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বৈঠক করার পরপরই গাড়ি ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।    

স্ক্যালন প্রতিনিধি পরিষদের হাউস অ্যাডমিনিস্ট্রেশন কমিটির ভাইস চেয়ার এবং জুডিশিয়ারি ও রুলস কমিটির সদস্য।