২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছড়াচ্ছে ওমিক্রন: চলাফেরায় নতুন বিধিনিষেধের কথা ভাবছে ইউরোপ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় ইউরোপজুড়ে বিভিন্ন দেশ চলাফেরার ওপর নতুন করে বিধিনিষেধ আরোপের কথা ভাবছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 11:29 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

এতে বড়দিনের আগে দিয়ে মানুষের ভ্রমণ পরিকল্পনা এবং অর্থবাজার এক ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং এশিয়াজুড়ে খুব দ্রুতই দ্বিগুণ হয়ে যাচ্ছে ওমিক্রন সংক্রমণ। জাপানেও দেখা যাচ্ছে একই চিত্র। সেখানে একটি সামরিক ঘাঁটিতে একটিমাত্র গুচ্ছসংক্রমণ থেকে অন্তত ১৮০ জন ওমিক্রন আক্রান্ত হয়েছে।

নিউ জিল্যান্ডের কোভিড-১৯ কর্মসূচি বিষয়ক মন্ত্রী ক্রিস হিপকিনস বলেছেন, তার দেশ আগামী বছর ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সীমান্ত বন্ধ রাখবে।

যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) সোমবার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা গেছে, সেখানে গত এক সপ্তাহে কোভিড আক্রান্তদের ৭৩.২ শতাংশের দেহেই ওমিক্রন শনাক্ত হয়েছে। আর ডিসেম্বরের শুরুতে মোট আক্রান্তদের মধ্যে ওমিক্রন সংক্রমণের শিকার ছিলেন ১ শতাংশেরও কম।

ওমিক্রন ঠেকাতে সম্প্রতি কয়েকদিনে নানা পদক্ষেপ নেওয়া দেশগুলোর মধ্যে আছে দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, জার্মানি এবং আয়ারল্যান্ড। এর মধ্যে কোনও দেশ আংশিক কিংবা পূর্ণ লকডাউন দিয়েছে। আবার কোনও দেশ সামাজিক দূরত্ববিধি চালু রেখেছে।

থাইল্যান্ড মঙ্গলবার থেকেই বিদেশি ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক করছে। যুক্তরাজ্য, জার্মানি এবং পর্তুগাল আরও পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার বলেছেন, ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে তিনি সব ধরনের পদক্ষেপই খতিয়ে দেখছেন।

সাম্প্রতিক দিনগুলোতে ওমিক্রন আতঙ্ক অর্থবাজারেও নেতিবাচক প্রভাব ফেলেছে। মহামারীতে ভ্রমণ কমে যাওয়া এবং ভেঙে পড়া সরবরাহ ব্যবস্থার কারণে বিশ্ব অর্থনীতির আবার ঘুরে দাঁড়ানো নিয়ে শঙ্কায় থাকা বিনিয়োগকারীদের কপালে নতুন করে ভাঁজ ফেলছে ওমিক্রন সংক্রমণ।

অস্ট্রেলিয়াতেও ওমিক্রন সংক্রমণ বাড়েছে। তবে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দেশটিতে তুলনামূলক কম। তাই এখনই আবার লকডাউন না দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য নেতাদের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

তিনি বলেন, “আমরা লকডাউনে ফিরে যাব না, বরং ভাইরাসের সঙ্গেই মানিয়ে চলার পথে হাঁটব।”