২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ফ্লাইওভারের অংশ ধসে নিহত ৪, আহত ৮

চীনের হুবেই প্রদেশে একটি ফ্লাইওভারের অংশ ধসে পড়ে চার জন নিহত ও আরও আট জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 10:12 AM

Updated : 02 Aug 2022, 06:43 PM

চায়না ডেইলি ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে প্রদেশটির ইজো শহরে দুটি এক্সপ্রেসওয়েকে সংযোগকারী ফ্লাইওভারটির ৫০০ মিটার লম্বা একটি অংশ ধসে পড়ে।

এতে ফ্লাইওভারের ওই অংশে থাকা তিনটি ট্রাক নিচে পড়ে যায় আর নিচে থাকা একটি গাড়ি চাপা পড়ে।

দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দমকল, পুলিশ ও চিকিৎসা কর্মীসহ উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে ছুটে যায়। 

ফ্লাইওভারের অংশটি ধসে পড়ার পর ঘটনা তদন্তে সেখানে সেতু বিশেষজ্ঞদের পাঠায় চীনের পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি স্থানীয় পরিবহন বিভাগকে পরিস্থিতি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে। 

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ১৯৮ মেট্রিক টন ওজনের অতিরিক্ত পণ্য বোঝাই একটি ট্রাক ফ্লাইওভারটি থেকে পড়ে দুই টুকরা হয়ে গেছে, এটি আরও দু’টি ট্রাককে সঙ্গে নিয়ে নিচে পড়েছে। আরও তদন্ত চলছে।

ধসে পড়া সংযোগকারী ফ্লাইওভারটি ৭৩১ দশমিক ৮ মিটার লম্বা ও ১৩ মিটার চওড়া ছিল। এটি সাংহাই-চংছিং এক্সপ্রেসওয়ে ও দাচিং-গুয়াংঝৌ এক্সপ্রেসওয়েকে সংযুক্ত করেছিল। ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ফ্লাইওভারটিতে যান চলাচল শুরু হয়েছিল।