‘নিরাপদ’ আসন হাতছাড়া কনজারভেটিভদের, চাপে জনসন
প্রায় দুইশ বছর ধরে কনজারভেটিভ দলের প্রার্থী ছাড়া আর কেউ জেতেনি, এমন একটি আসনে মধ্যপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির কাছে হার যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল ও প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য বড়সড় ধাক্কা হিসেবে আবির্ভূত হয়েছে।
১৯৯৭ সাল থেকে নর্থ শ্রপশা আসনের এমপি ছিলেন ওয়েন প্যাটারসন, তার পদত্যাগের পর শূন্য হওয়া ওই আসনে বৃহস্পতিবার ভোট হয়।
তাতে লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী হেলেন মরগান কনজারভেটিভ দলের প্রার্থীকে ৫ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
২০১৯ সালের নির্বাচনেও এই আসনে কনজারভেটিভ দলের প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২৩ হাজার ভোট বেশি পেয়েছিলেন।
কোভিড বিধিনিষেধের মধ্যে গত বছর ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করার খবর চাউর হওয়ার পর গত সপ্তাহে কোভিড পাস চালুর এক প্রস্তাবে প্রায় একশ কনজারভেটিভ এমপির ‘বিদ্রোহে’ এমনিতেই বিপাকে আছেন জনসন। নর্থ শ্রপশাতে হার তার ওপর আরও চাপ বাড়াবে।
“আজ রাতে নর্থ শ্রপশা ব্রিটিশ জনগণের হয়ে কথা বলেছে। তারা জোরে ও স্পষ্ট ভাষায় বলেছে- বরিস জনসন আপনার পার্টি শেষ,” জয়ের পর বলেছেন মরগান।
কনজারভেটিভরা জুলাইয়ে তাদের ঘাঁটি বলে পরিচিত বাকিংহামশায়ারের চেশাম অ্যান্ড আমেশাম আসনেও লিবারেল ডেমোক্রেটদের কাছে হেরেছিল।
