‘লাল তালিকা’ থেকে ১১ দেশকেই সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের ভ্রমণের লাল তালিকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ১১ টি দেশের সবগুলোকেই। বুধবার ভোর ৪ টা থেকে কার্যকর হচ্ছে এ পদক্ষেপ।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের ‘ঝুঁকিপূর্ণ দেশ’ হিসাবে চিহ্নিত এই লাল তালিকার ১১ টি দেশ হচ্ছে- অ্যাঙ্গোলা, বতসোয়ানা, ই-সোয়াতিনি, লেসোথো, মালাউই, মোজাম্বিক, নামিবিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে।
নভেম্বরের শেষদিকে ওমিক্রনের প্রাদুর্ভাব ঘটার পর পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নতুন করে এই দেশগুলোকে লাল তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য।
কিন্তু দেশটিতে এখন ওমিক্রন ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ায় এই ভ্রমণ কড়াকড়িতে আর কোনও লাভ হচ্ছে না বলেই এটি তুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ পার্লামেন্টে বলেছেন, “যুক্তরাজ্যে এখন ওমিক্রনের কমিউনিটি সংক্রমণ ঘটছে। তাছাড়া, বিশ্বজুড়ে ওমিক্রন এত ব্যাপকভাবে ছড়িয়ে গেছে যে, ভ্রমণের লাল তালিকা আর বিদেশ থেকে ওমিক্রনের হানা ঠেকাতে তেমন একটা কার্যকর হচ্ছে না।”
“তাই আগামীকাল (বুধবার) সকাল ৪ টাতেই আমরা লাল তালিকা থেকে ১১ দেশকে সরিয়ে নেব। তবে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য আপাতত কোভিড পরীক্ষার নিয়ম চালু থাকবে।”
বর্তমান নিয়মে লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে ভ্রমণকারীরা যুক্তরাজ্যে পৌঁছানোর পরই সরকার অনুমোদিত কোনও হোটেলে নিজ খরচে ১০ দিন সেলফ-আইসোলেশনে থাকতে হয়। তাছাড়া, যুক্তরাজ্যে যাওয়ার ৪৮ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা করতে হয় এবং যুক্তরাজ্যে পৌঁছানোর পর দুইদিনের মধ্যে পিসিআর পরীক্ষা করতে হয়।
এইসব নিয়মের কারণে অনেককেই হোটেল কোয়ারেন্টিনে থাকতে গিয়ে হাজার হাজার পাউন্ড খরচ করতে হয়েছে। এত বড় অঙ্কের খরচ অনেকের জন্যই মাথাব্যথার কারণ হয়েছে এবং আফ্রিকার দেশগুলো ভ্রমণের লাল তালিকাকে ‘ভ্রমণ বর্ণবাদ’ বলেও সমালোচনা করেছে।
ভ্রমণ প্রতিষ্ঠানগুলোও সতর্ক করে বলেছে, ভ্রমণে কড়াকড়ির কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুক্তরাজ্যের ট্রেড গ্রুপ এয়ারলাইন্সের প্রধান কর্মকর্তা বলেছেন, লাল তালিকার ইতি ঘটানোটা খুবই অর্থবহ। কিন্তু ভ্রমণের আগে-পরের কোভিড পরীক্ষার নিয়মও সরকারের তুলে দেওয়া উচিত।
