ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, আহত ১
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে একজন আহত ও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে লারানতুকা শহরের ১১২ কিলোমিটার উত্তরপশ্চিমে ফ্লোরেস সাগরে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করলেও দুই ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থ রয়টার্স।
ভূমিকম্পের সময় আতঙ্কিত অনেককেই দৌড়ে বাড়ির বাইরে চলে আসতে দেখা যায়।
“সবাই দৌড়ে রাস্তায় চলে আসে,” বলেছেন ফ্লোরেস দ্বীপের মাউমেরে শহরের বাসিন্দা অগাস্তিনাস ফ্লোরিয়েনাস।
১৯৯২ সালে কাছাকাছি মাত্রার এক ভূমিকম্পে মাউমেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
ভূমিকম্পের পর মালুকু, ইস্ট নুসা তেঙ্গারা, ওয়েস্ট নুসা তেঙ্গারা এবং সুলাওয়েসির দক্ষিণ ও দক্ষিণপূর্বে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা পরে ভূমিকম্পে ফ্লোরেসের মাঙ্গারাইয়ের একজন আহত এবং দক্ষিণ সুলাওয়েসির সেলায়ার দ্বীপে একটি স্কুলভবন ও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে।
ভূমিকম্পের পর অন্তত ১৫টি পরাঘাত রেকর্ড করার কথাও জানিয়েছে তারা, এর মধ্যে একটির কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
২০০৪ সালে সুমাত্রা উপকূলে ৯ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর সৃষ্ট সুনামিতে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ডসহ ১৩টি দেশের মোট দুই ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
