নতুন প্রযুক্তিতে কোভিড রোগীদের গতিবিধি অনুসরণ পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের গতিবিধি অনুসরণে পাইলট প্রজেক্টের আওতায় খুব শিগগিরই নতুন প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ নিতে চলেছে দক্ষিণ কোরিয়া।
মানুষের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যেও দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চেহারা শনাক্তকরণ (ফেসিয়াল রিকগনিশন) এবং হাজার হাজার সিসি ক্যামেরা ব্যবহার করে রোগীদের গতিবিধি অনুসরণ করবে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উপকণ্ঠে অবস্থিত অন্যতম জনবহুল শহর বুশানে এই নজরদারি করা হবে। জাতীয়ভাবে অর্থায়ন করা এই পাইলট প্রজেক্টের কাজ জানুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন সেখানকার এক কর্মকর্তা।
নতুন এই ব্যবস্থায় ১০,৮২০টির বেশি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হবে।
এর মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির গতিবিধি অনুসরণের পাশাপাশি তাদের সংস্পর্শে আসা মানুষদেরকে শনাক্ত করা হবে। তারা মাস্ক পরেছেন কি না তাও লক্ষ্য করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে এ সংক্রান্ত ১১০ পাতার একটি পরিকল্পনা দিয়েছে বুশান কর্তৃপক্ষ। একজন এমপি’র কাছ থেকে এ পরিকল্পনার একটি অনুলিপি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার নতুন নতুন প্রযুক্তির দ্বারস্থ হওয়ার পাশাপাশি আইনগত ক্ষমতাও বাড়িয়েছে। এসব দেশের মধ্যে আছে চীন, রাশিয়া, ভারত, পোল্যান্ড, জাপান ও যুক্তরাষ্ট্র।
তারা ফেসিয়াল রিকগনিশন বা চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে করোনাভাইরাস রোগীদের গতিবিধির ওপর নজরদারি করছে বলে গত মার্চে জানানো হয়েছে নিউ ইয়র্কের কলাম্বিয়া ল স্কুলের একটি প্রতিবেদনে।
বুশানের এক কর্মকর্তা বলেন, শহরের জনসংখ্যা আট লাখের বেশি। নতুন প্রযুক্তি চালু হলে শহরটিতে করোনাভাইরাস সংক্রমিতদের গতিবিধি তদারকির কাজে নিয়োজিত কর্মীদের চাপ কমবে। তাছাড়া, কাজ আরও কার্যকর ও নির্ভুলভাবে করার জন্যও নতুন প্রযুক্তি সহায়ক হবে।
দক্ষিণ কোরিয়া এরই মধ্যে উচ্চপ্রযুক্তির ‘কন্টাক্ট ট্রেসিং’ ব্যবস্থা চালু রেখেছে। এই ব্যবস্থায় ব্যক্তিগত বিভিন্ন তথ্যের মধ্যে ক্রেডিট কার্ডের রেকর্ড, সেলফোনের তথ্য, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়।
