২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স-শাসিত নিউ ক্যালাডোনিয়ায় স্বাধীনতা প্রশ্নে গণভোট

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র দ্বীপ নিউ ক্যালেডোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 04:55 PM

Updated : 25 Jul 2022, 05:26 PM

সহিংসতার প্রবল আশঙ্কার মধ্যে এই ইস্যুতে রোববার তৃতীয় ও চূড়ান্ত ভোট গ্রহণ সম্পন্ন হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে ২০১৮ সালে ‘না’ পক্ষে ৫৭ শতাংশ ভোট পড়লেও ২০২০ সালে তা কমে ৫৩ শতাংশে দাঁড়ায়, এবারের চূড়ান্ত ভোট টানটান হবে বলে ধারণা করা হচ্ছে। 

তবে ক্যালেডোনিয়ার আদিবাসী কানাক জনগোষ্ঠী যাদের অধিকাংশই স্বাধীনতার পক্ষে, তারা গণভোটে অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছে। সেপ্টেম্বরে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর থেকে তাদের ১২ মাসের শোক পালন চলমান থাকায় এ আহ্বান জানায় তারা।

তাদের এ আহ্বানে সাড়া মেলার চিত্র দেখা গেছে বলে টুইটারে জানিয়েছেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংবাদিক নিক ম্যাকলেলান।

তিনি বলেন, “রাজধানীর নুমেয়ার টাউন হল কেন্দ্রে ভোটারদের সারি দেখা গেলেও কানাক সংখ্যাগরিষ্ঠ লয়াল্টি দ্বীপপুঞ্জ ও নর্দান প্রভিন্সে ভোটারদের উপস্থিতি কম ছিল।”

নিউ ক্যালেডোনিয়ার ফরাসি দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত ৪১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছে।

২০২০ সালের গণভোটে এই একই সময়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছিল, সেই তুলনায় এবার অনেক কম মানুষ ভোট ‍দিয়েছে।

‘না’ ভোট জয়ী হলে তা স্বাধীনতাকামীদের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে আর তাতে অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 

ভারত মহাসাগর ও সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের নিয়ন্ত্রণে থাকা পাঁচটি দ্বীপপুঞ্জের মধ্যে নিউ ক্যালেডোনিয়া একটি। একে কেন্দ্র করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের প্রভাব বিস্তারের পরিকল্পনা আছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ।   

ফ্রান্স থেকে প্রায় ২০ হাজার কিলোমিটার দূরে ও অস্ট্রেলিয়া থেকে প্রায় ১২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত নিকেল-সমৃদ্ধ এ দ্বীপটিতে ১৯৮০-র দশকে স্বাধীনতাকামী জনগণ এবং ফ্রান্সের সঙ্গে থাকতে চাওয়া জনগোষ্ঠীর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।

এরপর ১৯৮৮ সালে দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনায় স্বাধীনতা প্রশ্নে ধারাবাহিক গণভোট অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। 

আলোচনা শুরুর এক দশক পরে হওয়া চুক্তি অনুযায়ী রোববার তৃতীয় গণভোট অনুষ্ঠিত হল।