যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, অর্ধশত প্রাণহানির শঙ্কা
যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বিধ্বংসী টর্নেডোতে ‘সম্ভবত’ প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে বলে কেনটাকি রাজ্যের গভর্নর জানিয়েছেন।
শুক্রবার রাতে ও শনিবার ভোররাতে কেনটাকি, আরকানস, টেনেসি, মিজৌরি ও ইলিনয় রাজ্যে এসব টর্নেডো তাণ্ডব চালায় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার স্থানীয় টেলিভিশন স্টেশন ডব্লিউএলকেওয়াইকে বলেছেন, মৃত্যুর সংখ্যা ‘এর বেশিও হতে পারে’।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন, “খবরগুলো হৃদয়বিদারক।”
রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকারী কর্মকর্তারা শনিবার সকাল পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেননি।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কেনটাকির পশ্চিমাঞ্চলীয় মেফিল্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকায় টর্নেডোর তাণ্ডব চলার সময় সেখানে একটি মোমবাতি কারখানায় প্রায় ১১০ জন লোক ছিল বলে জানিয়েছে তারা।
“অন্তত কয়েক ডজন লোককে হারিয়েছি বলে ধারণা করছি,” বেসিয়ার এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে টাইমস।
আরকানসর স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির উত্তরাঞ্চলীয় মনেট এলাকায় টর্নেডোর আঘাতে একটি নার্সিং হোমের ছাদ চূর্ণ বিচূর্ণ হয়ে অন্তত একজন নিহত ও আরও পাঁচ জন আহত হয়েছেন।
ইলিনয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে সেইন্ট লুয়িস শহরের কাছে এডওয়ার্ডসভিলের ওপর দিয়ে টর্নেডো ও প্রবল ঝড় বয়ে যাওয়ার সময় ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের একটি গুদামের ছাদ আংশিক ধসে পড়ে, এতে বহু লোক ভেতরে আটকা পড়েছেন।
কেনটাকিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর বেসিয়ার। ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি জানিয়ে ‘অনেকদিন পর এ ধরনের ধ্বংসযজ্ঞ দেখলেন’ বলে মন্তব্য করেছেন তিনি।
টাইমস জানিয়েছে, ঝড়ের মধ্যে কেনটাকির পশ্চিমাঞ্চলে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে, তবে হতাহতের কোনো খবর হয়নি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ঝড় পূর্বাভাস কেন্দ্রের অপারেশন্স চিফ বিল বান্টিং জানিয়েছেন, অন্তত পাঁচটি রাজ্যের বিভিন্ন এলাকা টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
