বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪
বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় সরকার সমর্থিত বাহিনীর অন্তত ১৪ সদস্য নিহত হয়েছে।
সম্প্রতি দেশটিতে সহিংসতা বেড়ে যাওয়ার মধ্যে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরি প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা এবং সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ঘটানোর কয়েকদিন পরই এ হামলা হল।
বুরকিনা ফাসোর নিরাপত্তা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে রাস্তায় সাধারণ মানুষের আন্দোলনের মুখে আছেন প্রেসিডেন্ট কাবোরি। এই আন্দোলনে হাজারো মানুষের মৃত্যু হয়েছে এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
হামলার পর তাৎক্ষণিকভাবে কোনও গ্রুপ এর দায় স্বীকার করেনি। তবে বুরকিনা ফাসো এবং প্রতিবেশী দেশ নাইজার ও মালির বিস্তৃত এলাকাজুড়ে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত জঙ্গিদের হামলা বাড়ছে।
বৃহস্পতিবার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় শহর তিতাউ থেকে ১০ কিলোমিটার দূরে বন্দুকধারীরা হামলা চালায় বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার।
নিহতরা সবাই হোমল্যান্ড ডিফেন্স ভলান্টিয়ার্স নামক সরকারপন্থি একটি বেসামরিক মিলিশিয়া বাহিনীর সদস্য। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে এই বাহিনী সরকারের কাছ থেকে অর্থ ও প্রশিক্ষণ সহায়তা পেয়ে থাকে।
