২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি আদায় করে ১৫ মাস পর ঘরে ফিরছেন ভারতের কৃষকরা

ভারতে বিতর্কিত কৃষি বিলের বিরুদ্ধে দীর্ঘ ১৫ মাস ধরে আন্দোলন চালিয়ে আসা কৃষকদের লড়াই অবশেষে শেষ হল। দাবি আদায় হওয়ায় রাজধানী দিল্লির সীমান্ত থেকে এবার ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2021, 08:52 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

পঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্য থেকে দিল্লি সীমান্তে গিয়ে শিবির গেড়ে আন্দোলন শুরু করেছিলেন হাজার হাজার কৃষক। দীর্ঘ এই আন্দোলনে গরম, ঠাণ্ডা এবং করোনাভাইরাসে বহু কৃষকের মৃত্যুও হয়েছে।

বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসার পর কৃষকরা আন্দোলন তুলে নিতে একমত হয়েছেন। শনিবার থেকে তারা বাড়ি ফিরে যেতে শুরু করবেন বলে জানিয়েছে বিবিসি।

ভারত সরকার গতবছর সেপ্টেম্বরে বিতর্কিত তিনটি কৃষি আইন পাস করলে বিক্ষোভ শুরু করে কৃষকেরা। তাদের আশঙ্কা ছিল, নতুন কৃষি আইনের ফলে সরকার আর ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ফসল কিনতে বাধ্য থাকবে না।

বাজারের উপর সরকারের নজরদারিও কমে যাবে। ফলে বাজারের নিয়ন্ত্রণ এবং কৃষি পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা বড় বড় ব্যক্তিমালিকানাধীন কোম্পানির হাতে চলে যাবে এবং কৃষকদের জীবন তাদের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়বে।

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই অভয় দিয়ে বলে এসেছেন যে, এসব আইনে কৃষকরাই লাভবান হবেন। তবুও আন্দোলন থামেনি। মোদী সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এই কৃষক আন্দোলন।

শেষমেশ চলমান আন্দোলনের মুখে গত ১৯ নভেম্বর আইনগুলো প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন মোদী। পরে পার্লামেন্টে নতুন আইন পাস করে তিনটি আইন প্রত্যাহারও করা হয়।

এরপর উৎপাদিত কৃষি পণ্যের নূন্যতম মূল্যের নিশ্চয়তা নিয়ে মন্ত্রীরা আলোচনা চালিয়ে যেতে রাজি হলে আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত জানায় কৃষক ইউনিয়ন।

বৃহস্পতিবার ভারতের স্থানীয় গণমাধ্যমগুলোকে কৃষক নেতা গুরুনাম সিং চাধুনি জানান, কেন্দ্র আমাদের সমস্ত দাবি মেনে নিতে রাজি হয়েছে। সেকারণেই এই আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত ।

একইসঙ্গে কেন্দ্রকে হুঁশিয়ারিও দিয়েছেন কৃষক নেতা গুরুনাম। বলেছেন, যে কোনও মুহূর্তে ফের একবার শুরু হতে পারে কৃষক আন্দোলন। যদি না কেন্দ্র তার দেওয়া কথা না রাখে।

তিনি বলেন, “আগামী ১৫ জানুয়ারি কৃষকরা আবার দিল্লিতে একটি পর্যালোচনা বৈঠক করবে। সরকার যদি প্রতিশ্রুতি না রাখে তাহলে আমরা আবার বিক্ষোভ শুরু করতে পারি।”

কয়েকদিন আগেই ভারতের রাষ্ট্রপতি কোবিন্দ বিতর্কিত কৃষক বিল প্রত্যাহারের অনুমোদন দেন। এতে তিনটি কৃষি বিলই সরকারি ভাবে খারিজ হয়ে যায়। কিন্তু এরপরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন কৃষকরা।

তবে সম্প্রতি সেইসব দাবিও মেনে নেওয়া হয়। ভারত সরকার প্রতিবাদী কৃষকদের আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তাদের অন্যান্য অনেক দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এরপরই কৃষক আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত হল।

আল ইন্ডিয়া কিষাণ সভার সম্পাদক অশোক ধাওয়ালে বলেন, ৫০০-রও বেশি সংগঠন একসঙ্গে লড়াই করেছে। শীত, গরম, করোনাভাইরাস-সহ একাধিক প্রতিকূলতা উপেক্ষা করেই দাবি নিয়ে লড়াই চালিয়ে যাওয়া হয়েছে। অবশেষে জয় এসেছে।

আরেক কৃষক নেতা বলেন, ১০ ডিসেম্বর শোকদিবস পালন করা হবে। আর ১১ ডিসেম্বর থেকে আন্দোলনরত কৃষকরা সিঙ্ঘু সীমান্ত ছাড়তে শুরু করবেন। সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। ১৫ ডিসেম্বর পঞ্জাবেই সমস্ত কৃষক আন্দোলনের ইতি টানা হবে।