২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরলেন দুতার্তের পছন্দের প্রার্থী

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের পছন্দের প্রার্থী সেনেটর ক্রিস্টোফার ‘বং’ গো আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2021, 03:36 PM

Updated : 07 Apr 2022, 11:56 PM

তার এ সিদ্ধান্তের ফলে সামনের বছরের নির্বাচনে দুতার্তে প্রশাসনের কোনো প্রার্থী থাকল না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুতার্তের দীর্ঘদিনের সহযোগী গো অবশ্য আগেই নির্বাচনী দৌড় থেকে নিজেকে প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন; বলেছিলেন, তার সিদ্ধান্তের প্রতি প্রেসিডেন্টের শ্রদ্ধা আছে।

গো সরে যাওয়ায় ফিলিপিন্সে ব্যাপক জনপ্রিয় প্রেসিডেন্ট দুতার্তে আগামী মে’র নির্বাচনে কাকে সমর্থন দেবেন, তা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে।

৭৬ বছর বয়সী এ প্রেসিডেন্ট সামনের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে চাইলে সেনেটের কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

“সত্যিকার অর্থেই দায়িত্ব পালন করবে এবং আমাদের শিশুদের জন্য আরও আরামদায়ক, নিরাপদ ও সমৃদ্ধ জীবন নিশ্চিতে দুতার্তের রেখে যাওয়া কাজ সংরক্ষণ ও চালিয়ে নিতে পারবে এমন যে কাউকে সমর্থন দিতে প্রস্তুত আমি ও প্রেসিডেন্ট দুতার্তে,” ফেইসবুকে দেওয়া এক বক্তৃতায় বলেছেন গো।

বিশেষজ্ঞরা বলছেন, দুতার্তে এমন কাউকে তার উত্তরাধিকার হিসেবে চাইছিলেন, যে তাকে দেশে কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার থেকে সুরক্ষা দিতে পারবে। ফিলিপিন্সে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধে’ হাজারও মানুষ হত্যায় দুতার্তের সম্পৃক্ততা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত শুরু করেছে।

দুতার্তের মেয়ে, দাভাওয়ের মেয়র সারা দুতার্তে-কার্পিও আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ডেপুটি হিসেবে লড়ছেন। ফিলিপিন্সে ভাইস প্রেসিডেন্ট পদ অনেকখানিই অলঙ্কারিক।

ফিলিপিন্সের এক সময়ের স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে আছেন বলে কয়েক সপ্তাহ আগের এক জনমত জরিপে দেখা গেছে।

পর্যবেক্ষকদের ধারণা, প্রেসিডেন্ট দৌড় থেকে গো-র সরে যাওয়া মার্কোস ও দুতার্তে-কার্পিওকে আরও লাভবান করবে। দুতার্তের সমর্থকরা এখন পুরোপুরি তার মেয়ের দিকে ঝুঁকে পড়বেন এবং সেই সমর্থন মার্কোসের পালেও হাওয়া দেবে।

“(দুতার্তে) প্রশাসনের সমর্থন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি নেই আর,” বলেছেন ফিলিপিন্স বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের ভিজিটিং ফেলো আরিয়েস আরুগে।

মার্কোস জুনিয়রের সঙ্গে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আরও আছেন বক্সিং তারকা ম্যানি প্যাকিয়াও, ভাইস প্রেসিডেন্ট লেনি রবরেডো, ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো দোমাগোসো ও সেনেটর প্যানফিলো ল্যাকসোন।