২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসে কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের গুলি

নেদারল্যান্ডসের রটারডামে কোভিড-১৯ বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে বাধ্য হয়ে গুলি ছুড়তে ও জলকামান ব্যবহার করতে হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2021, 03:55 PM

Updated : 07 Apr 2022, 11:54 PM

শুক্রবার স্থানীয় সময় রাতে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়ে।

“সতর্ক করতে (উপরের দিকে) গুলি ছুড়েছিলাম, বিক্ষোভকারীদের লক্ষ্য করেও গুলি ছুড়তে হয়েছে, কেননা পরিস্থিতি তখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল,” বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেন পুলিশের মুখপাত্র প্যাট্রিসিয়া ওয়েসেলস।

গুলিতে দুইজন আহত হয়েছে বলেও তিনি সেসময় জানান।

“আমরা জেনেছি অন্তত দুইজন আহত হয়েছে, সম্ভবত সতর্কীকরণ গুলিতে তারা আহত হয়েছে, তবে প্রকৃত কারণ বের করতে হবে,” বলেছিলেন তিনি।

পরে মোট আহতদের সংখ্যা ৭ বলে জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পুলিশের গুলিতে আহত একজনের ছবি পোস্ট করলেও পুলিশ জানিয়েছে, যার ছবি দেখা যাচ্ছে তিনি কীভাবে আহত হয়েছেন তা এখনও নিশ্চিত হতে পারেননি তারা।

সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবেলায় নেদারল্যান্ডসের সরকার চার দেওয়ালের ভেতরকার ভেন্যুগুলোতে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক ‘করোনা পাস’ দেখানোর নিয়ম চালুর যে পরিকল্পনা নিয়েছে, তার প্রতিবাদেই শুক্রবার রটারডামে কয়েকশ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। 

‘করোনা পাসের’ মানে হচ্ছে ভেন্যুগুলোতে প্রবেশ ইচ্ছুকদের তারা যে কোভিড টিকার সব ডোজ নিয়েছেন তার প্রমাণ অথবা শনাক্তকরণ পরীক্ষায় ‘নেগেটিভ’ ফল বা কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার নথি দেখাতে হবে।

সহিংসতা মোকাবেলায় পুলিশ রটারডামে জরুরি অধ্যাদেশ জারি করেছে; গণপরিবহন বন্ধ এবং রাস্তায় নামা মানুষজনকে ঘরে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

জলকামান মোতায়েন করার পাশাপাশি ভিড় ছত্রভঙ্গ করতে অশ্বারোহী পুলিশদের ভূমিকা রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে, বলেছে পুলিশ।

কর্তৃপক্ষ বিস্তৃত তদন্তের জন্য পথচারী ও সাধারণ জনগণকে তাদের রেকর্ড করা সহিংসতার ভিডিও পুলিশকে পাঠাতে অনুরোধ করেছে।

কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবেলায় নেদারল্যান্ডের সরকার কয়েকদিন আগে তিন সপ্তাহের জন্য লকডাউন সংক্রান্ত কিছু বিধিনিষেধ ফিরিয়ে এনেছে। এরপরও দেশটিতে দৈনিক শনাক্ত কমার লক্ষণ দেখা যাচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শুক্রবার রাতে বিক্ষোভকারীদের পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া ও পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ও পাথর ছুড়তে দেখা গেছে।

রটারডামের মেয়র আহমেদ আবুতালেব শনিবার এক সংবাদ সম্মেলনে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। ২০ এর অধিক বিক্ষোভকারীকে অটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

“পুলিশকে অস্ত্র ধরতে এবং গুলি ছুড়তে বাধ্য করা হয়েছে,” বলেছেন আবুতালেব।