২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে কোভিড, পূর্ণ লকডাউনে যাচ্ছে অস্ট্রিয়া

করোনাভাইরাস শনাক্তের সংখ্যা রেকর্ড পরিমাণ বাড়ায় আগামী সোমবার থেকে নতুন করে দেশজুড়ে পূর্ণ লকডাউনে যাচ্ছে ইউরোপের দেশ অস্ট্রিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2021, 07:28 PM

Updated : 07 Apr 2022, 11:54 PM

দেশটির চ্যান্সেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ জানিয়েছেন, অন্তত ১০ দিনের জন্য এই লকডাউন কার্যকর থাকবে। তিনি জানান, আগামী বছর ১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রিয়ায় কোভিড টিকা নেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকবে।

শিক্ষার্থীদেরকে আবার বাড়ি থেকে স্কুল করতে হবে। রেস্তোঁরাসহ সব দোকানপাট বন্ধ থাকবে এবং সব সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করা হবে।

বিবিসি জানায়, অস্ট্রিয়া পশ্চিম ইউরোপে সবচেয়ে কম টিকা নেওয়া মানুষের দেশগুলোর মধ্যে অন্যতম। যারা টিকা নেয়নি তাদের জন্য দেশটিতে লকডাউন আরোপের কয়েকদিনের মাথায় এবার দেশজুড়ে লকডাউনের ঘোষণা এল।

পশ্চিম অস্ট্রিয়ার একটি রিসোর্টে ৯ প্রদেশের গভর্নরদের সঙ্গে বৈঠকের পর চ্যান্সেলর শ্যালেনবার্গ বলেছেন, “আমরা মহামারীর পঞ্চম ঢেউ চাই না, ষষ্ঠ কিংবা সপ্তম ঢেউও চাই না।”

দেশটিতে বর্তমানে দৈনিক ১০ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্ত হচ্ছে। হাসপাতালগুলোতে কোভিড রোগী উপচে পড়ছে। বাড়ছে কোভিডে মৃত্যুর সংখ্যাও।

এ অবস্থায় অস্ট্রিয়াজুড়ে লকডাউন প্রাথমিকভাবে ১০ দিন জারি থাকার পর পরিস্থিতি মূল্যায়ন করে দেখা হবে। কোভিড সংক্রমণ যথেষ্ট না কমলে লকডাউন সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত বাড়ানো হতে পারে।